‘জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার ২০১৯’ অর্জন করেছে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড। বাংলাদেশ সার্ভিস অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম (একসেবা প্ল্যাটফর্ম) তৈরির স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতন পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি।
শনিবার এক আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল আশরাফুল কবির জুয়েল।
পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, “এক্সেস টু ইনফরমেশনকে (এটুআই) আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এমন একটি সলিউশন তৈরির ক্ষেত্রে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডকে সুযোগ দেওয়ার জন্য এবং বেসিস আমাদের এই সলিউশনটিকে পুরস্কৃত করায় আমরা আনন্দিত ও গর্বিত।”
এই একসেবা প্ল্যাটফর্মে যেখানে নাগরিকেরা তাদের সকল কাঙ্ক্ষিত নাগরিক সেবা এক ক্লিকেই (eksheba.gov.bd) পাবে। এখানে নাগরিকেরা তার পরিচয়পত্র/জন্ম সনদের কপি দিয়ে ব্যক্তিগত প্রোফাইল তৈরি করে কাঙ্ক্ষিত নাগরিক সেবার জন্য আবেদন এবং সেবার বর্তমান অবস্থা জানতে পারবে।
বেসরকারি প্রতিষ্ঠানের অনুমোদিত ব্যক্তিরা যে কোনো সরকারি সেবার আবেদন থেকে শুরু করে পূর্ণ সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে eksheba.gov.bd তে ক্লিকের মাধ্যমে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সৌজন্যে তৃতীয়বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ১ হাজার ১৭৫টি প্রকল্প জমা পড়েছিল।
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের তৃতীয় আসরে ৩৫টি ক্যাটাগরিতে ৬৯টি প্রতিষ্ঠান ও প্রকল্পকে সম্মানিত করার পাশাপাশি ৩৭ জন বিচারক এবং আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা দেওয়া হয়।
