গৃহবধূর বাড়ির পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল ধর্ষকরা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০২:৩৫ এএম

গাজীপুরে ধর্ষণের শিকার হয়ে মামলা করায় এক গৃহবধূর বাড়ির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ধর্ষকরা। একইসঙ্গে গৃহবধূকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৪ অক্টোবর শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামে ধর্ষণের শিকার হন তিনি। পরে ১২ অক্টোবর থানায় একটি মামলা করেন। ওই গৃহবধূর অভিযোগ, আসামিরা এলাকায় প্রভাবশালী। তারা সবাই

ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত। মামলার পর আসামিরা প্রকাশ্যে ঘুরলেও তাদের গ্রেপ্তার করেনি পুলিশ।

ওই গৃহবধূ জানান, গত ৪ অক্টোবর তিনি বাড়ির পাশে একটি পানির পাম্প চালু করতে গেলে বহেরারচালা গ্রামের তোফাজ্জল হোসেন, নাজমুল মাঝি, কায়েশ মাঝি ও মামুন নামে কয়েকজন যুবক তাকে মারধর করে ধর্ষণ করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওইদিন থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযুক্তরা তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে দ্বিতীয় দফায় গত ১০ অক্টোবর ফের অভিযোগ দিতে সক্ষম হন। অভিযোগটি ১২ অক্টোবর থানায় মামলা হিসেবে গ্রহণ করে। এরপর গত শনিবার দুপুরে তার বাড়ির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা।

শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন জানান, ধর্ষণের অভিযোগের পর একজন নারীর বাড়ির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা খুবই অমানবিক। তিনি এ বিষয়টি খোঁজ নিয়ে পানি ও বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করবেন।

শ্রীপুর থানার পরিদর্শক আকতার হোসেন জানান, মামলার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। বাদীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে মামলার পর নির্যাতিতার বাড়ির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার কথা কেউ পুলিশকে অবহিত করেনি। যদি এমন হয়ে থাকে তাহলে মানবিক কারণে বিদ্যুৎ ও পানির সংযোগের ব্যবস্থা করা হবে।

এদিকে শ্রীপুরে চাচার বিরুদ্ধে তার ভাতিজিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির মা-বাবা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করলে বুধবার দুপুরে অভিযুক্ত চাচা আজিজুল হককে (১৮) গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা রুজুর পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার অভিযান শুরু হয়। পরে তাকে উপজেলার বেলতলী গ্রাম থেকে গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

 

কামরাঙ্গীরচরে কিশোরী দলবেঁধে ধর্ষণের শিকার : রাজধানীর কামরাঙ্গীরচরে পনেরো বছর বয়সের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার রাতে কিশোরীর বাসার পাশের একটি ফাঁকা বাসায় এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার কামরাঙ্গীরচর থানায় মামলা করেছে ভুক্তভোগী কিশোরী। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ঢামেকে কিশোরীর স্বজনরা জানান, ওই কিশোরী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের নবীনগর এলাকাতেই থাকে। পূর্বপরিকল্পিতভাবে তাকে ধর্ষণ করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ওসি মশিউর রহমান জানান, গত শুক্রবার রাতে কিশোরীর বান্ধবী বর্ষা কামরাঙ্গীরচর নবীনগর এলাকায় তাদের বাসার পাশেই একটি ফাঁকা বাসায় নিয়ে যায় কিশোরীকে। সেখানে তাদের পরিচিত মিন্টু, সজীবসহ ৩ জন তাকে ধর্ষণ করে।

তিনি আরও জানান, পরে মঙ্গলবার কিশোরী নিজেই বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি ধর্ষণ মামলা করে। পরবর্তী সময়ে আসামি মিন্টু, সজীব ও বান্ধবী বর্ষাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দুপুরে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করানো হয়।

পঞ্চগড়ে শিশু ধর্ষণ : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি এলাকায় ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হযেছে। এ ঘটনায়  অহিদুল ইসলাম ওরফে অবিজল ইসলাম (৫০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির পাশেই তার সমবয়সী ছেলেমেয়েদের  সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী দাদা সম্পর্কের অহিদুল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে অহিদুল। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নাটোরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা : নাটোর বড়াইগ্রামে নিজ ঘরে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার ভোরে কুমরুল পূর্বপাড়া গ্রামের এ ঘটনার পর গত মঙ্গলবার রাতে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার ওই গৃহবধূর স্বামী মসজিদে ফজরের নামাজ পড়তে যান। এ সুযোগে প্রতিবেশী রেজাউল করিম (৪৫) ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত