চট্টগ্রামে বাসায় আগুন

পুড়ে মরল ৫ বছরের শিশু মা-বাবা-বোন আশঙ্কাজনক

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৩:১৫ এএম

চট্টগ্রাম নগরের মোল্লাপাড়া এলাকার একটি বাসায় অগ্নিকান্ডে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছে। এর মধ্যে ৫ বছরের শিশু আশরাফুলের মৃত্যু হয়েছে। দগ্ধ বাবা আমীর হোসেন (৪৫), মা খালেদা আক্তার (৩০) ও বোন অনিয়ার (৭) অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির পর গতকাল শনিবার ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ ধর বলেন, শিশু আশরাফুলের শ্বাসনালি পুড়ে গিয়েছিল। তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার বাবা আমীর হোসেনের শরীরের ৮৬ শতাংশ এবং মা ও বোনের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর অগ্নিদগ্ধ পরিবারের চারজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শিশুটির মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এএসআই আলাউদ্দিন তালুকদার দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার মধ্যরাতে দগ্ধ অবস্থায় একই পরিবারের চারজনকে হাসপাতালে আনা হয়। পরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আশরাফুল নামে শিশুটির মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত