নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেদের পোয়াবারো

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১২:০০ এএম

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন সারা দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন বাংলাদেশের অধিকাংশ জেলে ইলিশ শিকার থেকে বিরত থাকলেও ভারতীয় জেলেরা এই সুযোগে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে নির্বিঘ্নে ইলিশ শিকার করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশি জেলেরা।

বাংলাদেশি জেলেরা জানান, প্রতিদিনই শত শত ভারতীয় জেলে ট্রলার বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে ইলিশ শিকার করে নিয়ে যাচ্ছে। ফলে ইলিশের প্রধান প্রজনন মৌসুমের এই নিষেধাজ্ঞায় যে সুফল পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হবেন বাংলাদেশের জেলেরা। তাই ভারতের সঙ্গে যৌথভাবে সমন্বয় করে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি বরগুনাসহ উপকূলীয় জেলেদের।

বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুরসহ  উপকূলীয় জেলেদের জীবিকা চলে বঙ্গোপসাগরে ইলিশ শিকার করে। কিন্তু বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা উপকূলের এসব জেলের ভাগ্যে দুর্দশার শেষ নেই। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন নিষেধাজ্ঞা, ইলিশ সম্পদ রক্ষায় ৬৫ দিন নিষেধাজ্ঞা ও উপকূলের নদ-নদীতে আট মাস (নভেম্বর থেকে জুন) জাটকা শিকারে নিষেধাজ্ঞা জারি থাকে। কিন্তু এ সময় ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডের জেলেরা বাংলাদেশের সীমানাসহ পুরো বঙ্গোপসাগরে ইলিশ শিকারের মহোৎসব শুরু করে।

বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় চট্টগ্রামের জেলে আউয়াল জোমাদ্দারের সঙ্গে। তিনি বলেন, ‘সরকার ২২ দিনের অবরোধ দেছে, হ্যা মোরা মানি। অবরোধে গাঙ্গে না যাইয়া বইয়া রইছি। কিন্তু ভারইত্তারা এই অবরোধের সময় মোগো মধ্যে ঢzইক্কা মাছ ধইরা লইয়া যায়।’

জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালে ভারতের জেলেরা তো বঙ্গোপসাগরে ইলিশ শিকার করেই থাকে। কিন্তু যখন বাংলাদেশে মৎস্য শিকারের মৌসুম শুরু হয় তখনো ভারতের জেলেরা এ দেশের সীমানায় দাপিয়ে বেড়ায়। আর বাংলাদেশের জেলেরা মৎস্য শিকারে গেলে ভারতের ট্রলারের জেলেসহ বিদেশি ট্রলারের জেলেরা এ দেশের জেলেদের মাছ ধরতে দেয় না। অনেক সময় ট্রলার ভেঙেও দিয়ে থাকে তারা। এ ছাড়া ট্রলারের ইঞ্জিন, সার্চ লাইট ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে যায় ভারতীয় ট্রলারের জেলেরা।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গভীর সমুদ্রে কারা মাছ শিকার করছে, সেটি আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব নয়।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত