‘অপারেশন সুন্দরবন’-এর কলাকুশলীদের সামনে আনছেন পরিচালক

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৩:৪১ পিএম

‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। নির্মাতা জানিয়েছেন, সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিনয় নিয়ে নির্মিত হবে ছবিটি। এটি প্রযোজনা করছে র‌্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস লিমিটেড।

গত ১৩ জুন, বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সিনেমাটির ঘোষণা দেন পরিচালক ও প্রযোজনা সংস্থা।

এদিকে ১ নভেম্বর দীপন সিনেমাটির কলাকুশলীদের পরিচয় করিয়ে দেবেন সবার সামনে। এ বিষয়ে দীপন জানান, ১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান হবে বাগেরহাট জেলা স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানে সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার র‌্যাবের দু:সাহসিক ও বুদ্ধিদীপ্ত অভিযান নিয়ে নির্মিতব্য অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের শিল্পী ও কলা কুশলীদের পরিচয় করিয়ে দেয়া হবে।’

দীপন আরও বলেন, ‘অপারেশন সুন্দরবন’ এর শুটিং শুরু হবে ডিসেম্বরে। শুটিং এর ঠিক আগে আগে ভুক্তভোগীদের সঙ্গে অন্যরকম একটি আয়োজন দিয়ে মহরতের মাধ্যমে সিনেমার চিত্রগ্রহণ শুরু করার পরিকল্পনা করেছি।’

সিনেমা নিয়ে দীপংকর দীপন বলেন, ‘অপারেশন সুন্দরবন বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ থ্রিলার ছবি। সারা পৃথিবীতে এ ধরনের ছবির ব্যাপক চাহিদা রয়েছে। সুন্দরবনে যখন আমরা রিসার্চ করতে যাই তখন মনে হলো এখানে গ্যাংস্টারধর্মী ছবি নির্মাণের সকল উপাদান আছে।’

শিল্পী চূড়ান্ত না হলেও জানা গেছে, এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশানসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত