সরকারি স্কুলে ভর্তি আবেদন ১ ডিসেম্বর

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০২:২৮ এএম

ঢাকা মহানগরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১ ডিসেম্বর থেকে। অনলাইনে এ আবেদন কার্যক্রম চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় থেকে নবম শ্রেণি ভর্তি পরীক্ষা হবে ১৮ থেকে ২০ ডিসেম্বর। প্রথম শ্রেণির লটারি অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর।

গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘ঢাকা মহানগরের সরকারি বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা’ সংক্রান্ত এক সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে গত  ৩১ অক্টোবর ভর্তি নীতিমালা চ‚ড়ান্ত করা হয়।

গতকাল সভার প্রধান মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ ডিসেম্বর থেকে ভর্তি ফরম বিক্রি শুরু হয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম পাওয়া যাবে। ভর্তি ফরমের দাম ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘গতবারের মতো

এবারও মহানগরের ৪১টি সরকারি বিদ্যালয়কে ‘এ’ ‘বি’ ও ‘সি’ এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ১৪টি বিদ্যালয়ে ১৮ ডিসেম্বর, ‘বি’ ক্যাটাগরিতে ১৪টি ১৯ ডিসেম্বর ও ‘সি’ ক্যাটাগরিতে ১৩টি ২০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। বিদ্যালয়গুলোর অবস্থান, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে পরীক্ষা কমিটি বিদ্যালয়গুলোকে বিভিন্ন ক্লাস্টারে বিভক্ত করতে পারবে। শিক্ষার্থীরা আবেদন ফরমে পছন্দক্রম উল্লেখ করে দেবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরের সব বিদ্যালয়ের শূন্য আসনের তালিকা চাওয়া হয়েছে। শূন্য আসনের তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই করা হবে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশনা জারির ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। এ সময়ের মধ্যে ঢাকার বাইরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারি ও ভর্তি পরীক্ষা আয়োজনের দিনসময় নির্ধারণ করা হবে। তারা চাইলে ঢাকা মহানগরের বিদ্যালরে সঙ্গে সমন্বয় করে ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারে অথবা দুই-তিন দিন আগে-পরেও করতে পারবে। প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের সমন্বয়ে গঠিত ভর্তি কমিটি এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে। আগামী পহেলা জানুয়ারি ক্লাস কার্যক্রম শুরু হবে, তাই সব বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হবে।’

আবদুল মান্নান বলেন, ‘২৪ ডিসেম্বর রাজধানীর সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম শ্রেণি রয়েছে এমন ১৭টি বিদ্যালয়ে ভর্তি লটারি আয়োজন করা হবে। তার মধ্যে প্রভাতি শাখায় সকাল ১০টায় ও দিবায় দুপুর ২টায় লটারি হবে। সেদিন বিকেলেই ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। খাতা মূল্যায়ন হবে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর বিকেল ৫টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

এদিকে ভর্তি নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরীতে সরকারি বিদ্যালয় সংলগ্ন ক্যাচমেন্ট এরিয়ার জন্য ৪০ শতাংশ কোটা রাখা হয়েছে। অবশিষ্ট ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এই ৬০ শতাংশের মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানদের ছেলেমেয়ের জন্য ৫ শতাংশ, প্রতিবন্ধীদের জন্য ২ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সন্তান এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য আরও ২ শতাংশ কোটা সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

ভর্তির ফরম বিদ্যালয়ের অফিসে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ডিসি অফিস, বিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার ভর্তির আবেদন ফরমের মূল্য ধরা হয়েছে ১৭০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত থেকে বেশি হবে না। টেলিটকের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষার সময় ও মান বণ্টনে বলা হয়েছে, দ্বিতীয়-তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান-৫০, এর মধ্যে বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-২০ নম্বর। ভর্তি পরীক্ষার সময় ১ ঘণ্টা। চতুর্থ-নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান-১০০। এর মধ্যে বাংলা-৩০, ইংরেজি-৩০, গণিত-৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় ২ ঘণ্টা। নীতিমালায় ভর্তি পরিচালনার জন্য বিভিন্ন কমিটিও করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত