কুয়েতে মাথায় থাই গ্লাস পড়ে মোহাম্মদ বেলাল (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলাল সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটের খাদেমপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে।
নিহতের ছোটভাই মো. হেলাল জানান, সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সঙ্গে কথা বলেন বেলাল। পরে রাত ৮টার দিকে তার মৃত্যুর খবর আসে। তিনি আরও জানান, এক মাস ছুটি কাটিয়ে গত জুনে কুয়েত ফেরেন ভাই। সেখানে চুক্তিতে ভবনের থাই গ্লাসের কাজ করতেন তিনি। তার অধীনে কয়েকজন বাংলাদেশি কাজ করতেন। বৃহস্পতিবার একটি বহুতল ভবনে কাজের সময় নিচে দাঁড়িয়ে তদারকি করছিলেন বেলাল। তখন থাই গ্লাসের একটি টুকরা মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেলালের দুই বছরের একটি মেয়ে রয়েছে।
