সিলেটেও শুদ্ধি অভিযান চালানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০২:৪৪ এএম

পর্যায়ক্রমে সিলেটেও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান। এ জন্য নিজের দলের ভেতর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এই অভিযানকে সবাই স্বাগত জানাচ্ছে। পর্যায়ক্রমে সিলেটেও এই অভিযান হবে।’

গতকাল শনিবার ‘ডিজিটাল সিলেট’ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গঠনের দ্রুত কাজ চলছে। ডিজিটালাইজেশন হলে দুর্নীতি-অনিয়ম কমবে। সেবা গ্রহীতার সময় ও অর্থ বাঁচবে। সিলেটে জমির পর্চার জন্য বা জমি সংক্রান্ত অন্য কোনো সেবার জন্য বারবার অফিসে যেতে হবে না। মোবাইল ফোনে ৩৩৩ চেপেই পাওয়া যাবে এ সংক্রান্ত সেবা।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল সিলেট নগরী গড়া ছিল আমার নির্বাচনী অঙ্গীকার। এর অংশ হিসেবে মাস দুয়েক আগে আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু হয়। সিলেট নগরীর নিরাপত্তা জোরদারে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরার কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হতে পারেন, এমন আশঙ্কার জবাবে ড. মোমেন বলেন, নতুন কিছু চালু হলে প্রথম দিকে কিছু অসুবিধা হতে পারে। এসব সমস্যা সমাধান করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত