ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘট

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০২:৪৪ এএম

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে  বুধবার সকাল-সন্ধ্যা ট্রাক ও কাভার্ড ভ্যান ধর্মঘট চলায় আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ ছিল। সমস্যার দ্রুত সমাধান না হলে বন্দরে কন্টেইনার ও জাহাজ জট সৃষ্টির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মনির আহমদ দেশ রূপান্তরকে জানান, নতুন সড়ক আইন স্থগিত ও তা সংশোধনের দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ ধর্মঘট পালিত হচ্ছে। তিনি জানান, তাদের সমিতির অধীনে প্রায় ছয় হাজার গাড়ি রয়েছে।  সারা দিন কোনো গাড়ি রাস্তায় নামেনি। সকাল থেকে চট্টগ্রামে ট্রাক ও কাভার্ড ভ্যানে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ ছিল। দাবিগুলোর বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

 চট্টগ্রাম বন্দর এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় কোনো ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করেনি। এতে বন্দর থেকে পণ্য খালাস হয়নি। বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতেও রপ্তানি পণ্য নিয়ে কোনো গাড়ি ঢোকেনি।

চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘটের কারণে  সকাল থেকে বন্দরে রপ্তানি পণ্য আনা ও বন্দর থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। তবে জেটিতে পণ্য ওঠানামার কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।

বেসরকারি কন্টেইনার ডিপো (অফডক) মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব জানান, ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘটের কারণে অফডকগুলোতেও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অফডকগুলোতে দিনভর রপ্তানি পণ্যবাহী কোনো ট্রাক-কাভার্ড ভ্যান ঢোকেনি। একইভাবে অফডকে থাকা আমদানি পণ্যও খালাস করা যায়নি।

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি এমএ সালাম বলেন, ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একদিকে বিভিন্ন গার্মেন্টস কারখানার জন্য আমদানি করা কাঁচামাল বন্দর জেটি থেকে ডেলিভারি নেওয়া যাচ্ছে না, অন্যদিকে জাহাজীকরণের জন্য তৈরি করা রপ্তানি পণ্যও ডিপোতে পাঠানো যাচ্ছে না। বিষয়টির দ্রুত সমাধান না হলে আমদানি-রপ্তানি ব্যবসা বিপর্যয়ের মুখে পড়তে পারে। এতে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব বয়ে আনবে। এ অবলাবস্থার দ্রুত অবসান না হলে চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার জট সৃষ্টির আশঙ্কা রয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে সংবাদ সম্মেলন করে ২০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত