তৃণমূলের দাবি নেতৃত্বে পরিবর্তন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১১:০৯ পিএম

আট বছর পর আজ মঙ্গলবার রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান প্রমুখ।

দীর্ঘদিন পরে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, অবিলম্বে জেলা ও মহানগর কমিটি ভেঙে দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত হোক।

রংপুর জেলা আওয়ামী লীগ কমিটির সর্বশেষ কাউন্সিল হয় ২০০৬ সালে। এরপর ২০১১ সালে ঢাকা থেকে জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি হিসেবে আবুল মনসুর আহমেদকে সভাপতি এবং রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর সভাপতি আবুল মনসুর আহমেদের মৃত্যু হলে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয় মমতাজ হোসেনকে।

অপরদিকে, ২০০৭ সালের পর একইদিন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন। এতেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে সাজানো হচ্ছে বিশাল মঞ্চ। নেতাকর্মীরা চাঙ্গা হলেও দুই মেরুতে চলছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ।

দলের একাধিক নেতা মনে করছেন, কাউন্সিল হবে ঠিকই তবে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষলণা করা হবে কেন্দ্র থেকে। আবার কেউ কেউ মনে করছেন, দীর্ঘ ১৩ বছর পর কাউন্সিল হচ্ছে- তাই কাউন্সিলদের সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এই দুই ধারণা থেকে নেতাকর্মীদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। ইতিমধ্যে সম্মেলনকে ঘিরে অনেক নেতা রাজধানীতে দলের হাই প্রোফাইল নেতাদের সঙ্গে শীর্ষ পদ দুটিতে স্থান পেতে লবিং চালাচ্ছেন জোরেশোরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত