অতি দরিদ্রদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সময় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকার ডিলার ও ইউনিয়ন যুবলীগ নেতা শাহীনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এ সময় ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
গলাচিপার সহকারী কমিশনার (এসিল্যান্ড) সুহৃদ সালেহীন জানান, চরকাজল ইউনিয়নের বড় শিবা ও ছোট শিবা ওয়ার্ডের অতি দরিদ্রদের জন্য ৪০০ বস্তা করে মোট ৮০০ বস্তা চাল বরাদ্দ করে সরকার। গত ২৬ নভেম্বর এ দুই ওয়ার্ডের ডিলার শাহীন ও ফিরোজ গলাচিপা খাদ্য গুদাম থেকে ৭১৮ বস্তা চাল নেন। ওইদিন বাকি ৮২ বস্তা চাল আনার সময় কালোবাজারে বিক্রি করেন তারা। গতকাল বুধবার সকালে আরও ১৮ বস্তা ভিজিএফের চাল বাজারে বিক্রির সময় স্থানীয়রা শাহীনকে আটক করেন। এসিল্যান্ড জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে শাহীনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। অন্য ডিলার ফিরোজ পলাতক। উপজেলা খাদ্য কর্মকর্তাকে মামলা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গলাচিপা উপজেলা খাদ্য কর্মকর্তা সুধীর কুমার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আগামীকাল (আজ) থানায় মামলা করা হবে।
