চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্ব গত রবিবার বেলা সাড়ে ৫টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট মোহাম্মদ আলী সভাপতি এবং সোহরাব হোসেন চৌধুরী নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাত ১১টা ৩০ মিনিটে উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
