নাগরিক উৎসবে সম্মাননা পাচ্ছেন চার নাট্যব্যক্তিত্ব

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৭:২১ পিএম

নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘নতুনের উৎসব ২০১৯’ শুরু হয় ২৯ নভেম্বর। বৃহস্পতিবার এ উৎসবের পর্দা নামছে।

সমাপনী দিনে সম্মাননা জানানো হবে চার গুণীজনকে। তারা হলেন ফেরদৌসী মজুমদার, জ্যোৎস্না বিশ্বাস, লাকী ইনাম ও শিমুল ইউসুফ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বৃহস্পতিবার বিকেল ৫টায় তাদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাগরিকের সহসভাপতি আবুল হায়াত। অতিথি হিসেবে থাকছেন নাট্যকার অধ্যাপক আব্দুস সেলিম ও নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন নতুনের উৎসব ২০১৯-এর আহ্বায়ক সারা যাকের।

বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নাট্যচর্চার পথিকৃৎ নাগরিক নাট্য সম্প্রদায়। ২০১৮ সালে এ দলটি উদ্‌যাপন করেছে প্রতিষ্ঠার ৫০ বছর এবং দর্শনীর বিনিময়ের নাট্যচর্চার ৪৫ বছর। ১৯৭৩ সালে বাদল সরকারের লেখা ‘বাকী ইতিহাস’ নাটক মঞ্চায়ন করে নিয়মিত দর্শনীর বিনিময়ে নাট্যচর্চা শুরু করে এ নাট্যদলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত