মানসম্পন্ন নাটক দর্শকদের দেখাতে চাই

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩৮ এএম

জাতীয় নাট্যশালায় গতকাল শুক্রবার থেকে প্রাঙ্গণেমোর নাট্যদলের আয়োজনে শুরু হয়েছে ৯ দিনব্যাপী দুই বাংলার নাট্যমেলা। দ্বিবার্ষিক এ নাট্যমেলা নিয়ে দেশ রূপান্তরের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী, নির্দেশক ও সংগঠক নূনা আফরোজ। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান

দুই বাংলার নাট্যমেলা...

এ বছর ১১তম আয়োজন এ নাট্যমেলার। প্রথম দিকে শুধু দুই বাংলার রবীন্দ্র নাটক নিয়ে এ মেলার আয়োজন করা হতো। পরে দেখলাম, প্রতি বছর মানসম্পন্ন নাটক খুঁজে পাওয়া কঠিন। আর এক নাটক তো একাধিকবার দেখানো যায় না। এরপর থেকে দুই বাংলার সব ধরনের নাটককে অন্তভু©ক্ত করা হয় মেলায়। এবার ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি থেকে চারটি এবং বাংলাদেশের পাঁচটি উল্লেখযোগ্য প্রযোজনার প্রদর্শনী হবে। সবাইকে আমন্ত্রণ জানাব ৯ দিনব্যাপী এ নাট্যমেলায় এসে পুরো আয়োজন উপভোগ করার জন্য। ‘আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি’ শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে এবারের নাট্যমেলা।

উৎসবের বিশেষ আকর্ষণ...

প্রতি বছরই নাট্যমেলায় ভিন্ন ধরনের কিছু আয়োজন থাকে। আমাদের চেষ্টা থাকে মানসম্পন্ন নাটক দর্শকদের দেখানোর। এবারের আয়োজনেও বাংলাদেশ-ভারতের বেশ কয়েকটি মানসম্পন্ন বাংলা নাটক মঞ্চস্থ হবে। পাশাপাশি ‘নাট্যযোদ্ধা সহযোদ্ধা’ শিরোনামে একটি বিশেষ সম্মাননা দেওয়া হবে মেলায়। এবার এই সম্মাননা পাচ্ছেন মামুনুর রশীদ ও তার স্ত্রী গওহর আরা চৌধুরী, আতাউর রহমান ও তার স্ত্রী শাহিদা রহমান এবং লিয়াকত আলী লাকী ও তার স্ত্রী কৃষ্টি হেফাজ। নাট্যমেলায় ১৩ ডিসেম্বর এ সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া ওই দিন একটা সেমিনার অনুষ্ঠিত হবে। বিষয় : থিয়েটারের সংকট দর্শক না ভালো নাটক। ধারণাপত্র উপস্থাপন করবেন হাসান শাহরিয়ার।

কবে কোন নাটক

নাট্যমেলায় প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকের প্রদর্শনী হবে। গতকাল প্রথম দিন মঞ্চস্থ হয় কলকাতার নাট্যদল ‘প্রাক্সিস’-এর নাটক ‘আর্ট’। নির্দেশনায় ছিলেন গৌতম সরকার। আজ দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে কলকাতার নান্দীপটের প্রকাশ ভট্টাচার্য নির্দেশিত নাটক ‘আবৃত্ত’। তৃতীয় দিন মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘হাছনজানের রাজা’। নির্দেশনায় অনন্ত হিরা। চতুর্থ দিন মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের নাটক ‘পুলসিরাত’। নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম ইমন। পঞ্চম দিন মঞ্চস্থ হবে কলকাতার রসিকতা নাট্যদলের ‘জ্যান্ত হ্যামলেট’। ষষ্ঠ দিন মঞ্চস্থ হবে যশোরের বিবর্তন নাট্যদলের নাটক ‘কৈবর্তগাথা’। সপ্তম দিন মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের নাটক ‘ময়ূর সিংহাসন’। অষ্টম দিন মঞ্চস্থ হবে লোকনাট্যদলের লিয়াকত আলী লাকী নির্দেশিত নাটক ‘আমরা তিনজন’ এবং সমাপনী দিন ভারতের দিল্লির গ্রিন রুম থিয়েটার মঞ্চস্থ করবে নাটক ‘বিসমিল্লা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত