রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। গতকাল শুক্রবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়। এর আগে পুরান ঢাকার শাহি মসজিদ ও চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তার জানাজা হয়। গত বৃহস্পতিবার রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষনিঃশ^াস ত্যাগ করেন তিনি। বেলা ৩টায় এফডিসিতে তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকেই। শাহি মসজিদে বাদ জুমা জানাজার পর মরদেহ নেওয়া হয় এফডিসিতে। সেখানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, চলচ্চিত্র অভিনেতা আলমগীর, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী কবরী, সুচন্দা, ববিতা, চম্পা, নাঈম, বাপ্পারাজ, অমিত হাসান, জায়েদ খানসহ অনেকে শ্রদ্ধা জানান।
চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, চিত্রগ্রাহক সমিতিসহ অনেকে। এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিএফডিসির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে মাহফুজুর রহমান খানের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’
চম্পা বলেন, ‘তার অসুস্থতার খবর শুনে হাসপাতালে গিয়েছিলাম। আশা ছিল, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
