অ্যাপলের নতুন আইফোন ‘পুরোপুরি ওয়্যারলেস’ হতে পারে বলে জানিয়েছে মিরর অনলাইন। সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে, এই ফোনে গান শোনা কিংবা চার্জ দেওয়ার জন্য কোনো পোর্ট না রাখার চিন্তাভাবনা চলছে।
প্রযুক্তিবিদ মিং-চি কুও দাবি করছেন, আইফোনের পোর্টলেস ভার্সন ২০২১ সালে বাজারে পাওয়া যাবে। সামনের বছর চারটি নতুন ওএলইডি আইফোন মডেল বাজারে আসবে বলেও জানান তিনি।
নতুন এই ফোনের পুরোটাই হবে স্ক্রিন। থাকবে না কোনো হোমবাটন। তারহীন ডিভাইস দিয়ে দিতে হবে চার্জ। গান শুনতে চাইলে ব্লুটুথ ইয়ারফোনের মতো ব্যবস্থা থাকবে।
প্রযুক্তিবিদ মিং-চি কুও আগে অ্যাপলের নতুন মডেলের ফোন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে চমক দেখিয়েছেন। এবারও তাই ধারণা করা হচ্ছে, তার কথা মিলে যাবে।
