বরাদ্দের অভাবে ‘বিজয় জাদুঘর’ নির্মাণ বন্ধ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:২৮ পিএম

প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নির্মাণাধীন বিজয় জাদুঘরের কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে দীর্ঘদিন থেকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি করা এ জাদুঘর নির্মাণের কাজ অনিশ্চয়তায় পড়েছে।

জানা গেছে, ১৯৭১ সালে সোনারগাঁয়ের প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত সনমান্দি ইউনিয়নের সনমান্দি প্রাইমারি স্কুলের পাশে মুক্তিযোদ্ধাদের জন্য উপ-প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়। সে সময় যারা ভারতে প্রশিক্ষণের সুযোগ পাননি তারা এ উপ-প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে যেতেন। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ স্থানটিকে সংরক্ষণের জন্য সোনারগাঁয়ের  মুক্তিযোদ্ধারা স্বাধীনতার পর থেকেই দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির মুখে চলতি বছরের শুরুর দিকে ওই স্থানে মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ছবি সংবলিত একটি বিজয় জাদুঘর ও পাঠাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নাদিম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর নির্মাণকাজ পায়। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় কাজটি আংশিক করার পর এখন বন্ধ রাখা হয়েছে।

সনমান্দি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের উপ-প্রশিক্ষণ কেন্দ্রের তৎকালীন ইনচার্জ সিরাজুল ইসলাম মাস্টার বলেন, ‘এখানে বহু মুক্তিযোদ্ধা প্রাথমিক ট্রেনিং করে যুদ্ধে যোগ দিয়েছিলেন। তাই আমরা চেয়েছি এ স্থানটিকে সংরক্ষণ করা হোক। সরকার আমাদের দাবির পরিপ্রেড়্গিতে এখানে বিজয় জাদুঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। তবে সেটিও নাকি প্রয়োজনীয় বরাদ্দের অভাবে বন্ধ আছে। এটা খুবই দুঃখজনক।’

এলজিইডির সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আলী হায়দার জানান, এখানে মাটি ভরাট করার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। প্রয়োজনীয় বরাদ্দের জন্য সংশ্লিষ্ট বিভাগে লিখিত আবেদন করা হয়েছে। নতুন করে বরাদ্দ বৃদ্ধি পেলে আবার কাজ শুরু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত