আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ক চার লেনে উন্নীত হচ্ছে। বাংলাদেশ সরকার ও ভারতের এক্সিম ব্যাংকের যৌথ অর্থায়নে এ প্রকল্পে বাস্তবায়ন হবে। এ সংক্রান্ত তিনটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ তিনটি ক্রয় প্রস্তাবে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৬৩ কোটি ৬৬ লাখ টাকা।
গতকাল কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।
আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ক চার লেন জাতীয় মহাসড়কে উন্নীত প্রকল্পের পরামর্শক হিসেবে যৌথভাবে ভারতের রাইটস লিমিডেট এবং বাংলাদেশের মডার্ন এন্টারপ্রাইজ প্ল্যানার্স অ্যান্ড কনসালট্যান্স লিমিডেটকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১৭ কোটি ৬৫ লাখ ২১ হাজার টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
