দুর্নীতিবাজরা দেশের রক্ত চুষছে : হাইকোর্ট

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:১০ এএম

দুর্নীতিবাজরা দেশের রক্ত চুষছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। অর্থ আত্মসাতের একটি মামলায় জামিন আবেদনের শুনানিকালে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে।

পরস্পর যোগসাজশে জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণামূলকভাবে ও ভুয়া রপ্তানি দেখিয়ে ঢাকা ব্যাংক লিমিটেডের ধানমণ্ডি শাখা থেকে অর্থআত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন সাতজনকে আসামি করে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মামলাটি দায়ের করেন।

গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আশরাফ উদ্দিন ভুঁইয়া। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী হোসাইন মোহাম্মদ ইসলাম।

শুনানির এক পর্যায়ে আদালত বলে, ‘দুর্নীতি মামলার আসামিরা মাটির নিচে থাকলেও সেখান থেকে তাদের খুঁজে বের করতে হবে। কারণ ব্যাংকের অর্থ জনগণের সম্পদ। যেকোনো মূল্যে ব্যাংকের আত্মসাৎ হওয়া টাকা উদ্ধার করতে হবে। প্রয়োজনে আসামিদের সম্পত্তি বিক্রি করে ব্যাংকের টাকা আদায় করতে হবে। এরা দেশের রক্ত চুষছে। এদের কোনো ক্ষমা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত