ধচলতি বছর পহেলা জুন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফুটবল ম্যাচে গতি বাড়াতে বেশ কিছু আইনে পরিবর্তন এনেছে। বিশ্বের বিভিন্ন প্রা‡ন্ত এই নিয়মগুলো ফুটবল মাঠে ব্যবহৃত হলেও বাংলাদেশে এর প্রচলন শুরু হচ্ছে আগামীকাল ফেডারেশন কাপের মধ্য দিয়ে। এই নিয়মগুলো বিভিন্ন ক্লাবের কোচদের এর মধ্যেই অবহিত করা হয়েছে। যদিও এখনো নতুন নিয়মগুলো সম্পর্কে পরিষ্কার নন অনেকেই, তারপরও অন্তর্জাল ঘেঁটে কোচরা যতটুকু জেনেছেন, তা থেকে এই পরিবর্তনে কোনো খারাপ দেখছেন না তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির কো-চেয়ারম্যান ইব্রাহিম নেসারের কাছ থেকে জানা গেল গুরুত্বপূর্ণ কী কী পরিবর্তন এনেছে ফিফা। বিভিন্ন ক্লাবে গিয়ে কর্মশালার মাধ্যমে নিয়মগুলো অবহিতকরণের দায়িত্ব ছিল তার। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বললেন, ‘আগে যে ম্যাচগুলো হতো, সেগুলোতে ৬৫ থেকে ৭০ মিনিটের বেশি খেলা হতো না। ২০ থেকে ২৫ মিনিট সময় নষ্ট হতো। গোলকিক, গোল উদযাপন, ফ্রি-কিক, খেলোয়াড় বদলে অনেক সময় নষ্ট হতো। এ কারণেই ফিফা বেশ কিছু নতুন নিয়ম করেছে। খেলোয়াড় বদলিতে এগিয়ে থাকা দলটি সবসময় হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এখন সেই সুযোগ থাকছে না। কাছের টাচলাইন দিয়ে বের হয়ে যেতে হবে। গোল কিকের সময় বক্সের বাইরে যেতে হতো, তারপর কিক করতে হতো। এখন নিজেদের দলের খেলোয়াড়রা ১৮ গজ বক্সের ভেতর থাকলেও কিক নেওয়া যাবে। ফ্রি-কিকের সময় আক্রমণভাগের কোনো খেলোয়াড় প্রতিপক্ষের দেয়ালের সঙ্গে সেঁটে থাকতে পারবে না। তিনি আরও বলেন, ‘বিভিন্ন ক্লাবে এ বিষয়গুলো বোঝানো হয়েছে। রেফারি ও ম্যাচ কমিশনাররা এসব পরিবর্তন সম্পর্কে ইতিমধ্যেই জেনে গেছেন। তারপরও আমরা আগামীকাল (আজ) তাদের নিয়ে একটা ওয়ার্কশপ করব। আর পরশু (আগামীকাল) বাংলাদেশের এই নিয়মগুলো প্রথমবারের মতো বাস্তবায়ন করা হবে।’
