প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০২:০৭ এএম

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বীরবিক্রম উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর। গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

জয়নুল আবেদীনের বড় ভাই ইসমাইল মানিক জানান, আজ বুধবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে।

১৯৭৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া জয়নুল আবেদীন ২০১১ সালের ২১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের মহাপরিচালকও ছিলেন।

মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে মর্যাদাপূর্ণ বীরবিক্রম উপাধিতে ভূষিত করা হয়। মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামও। নিজ নিজ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত