ফ্ল্যাট ও জমি কেনাবেচার ক্ষেত্রে ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার (ইটিআইএন) সঠিকভাবে দেওয়া কিংবা নিবন্ধনের সময় ফ্ল্যাট বা জমির প্রকৃত মূল্য দেখানো হচ্ছে কি না তা যাচাই করবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ। এজন্য নতুন বছরের শুরুতে বিভিন্ন আয়কর অঞ্চলের গোয়েন্দা সেলের কর কর্মকর্তারা সাব-রেজিস্ট্রি অফিসে জরিপ কার্যক্রম পরিচালনা করবেন।
এনবিআরের আয়কর বিভাগের সদস্য (কর জরিপ) মেফতাহ উদ্দিন খান বলেন, ‘ফ্ল্যাট ও জমি কেনাবেচায় অনেক সময় ইটিআইএন সঠিকভাবে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে নিবন্ধনের সময় ফ্ল্যাট ও জমির প্রকৃত মূল্য না দেখিয়ে বেশি বা কম দাম দেখানো হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে ও নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম সংঘটিত হচ্ছে। এর প্রতিরোধেই সাব- রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, রাজস্ব ফাঁকি দিতে অনেক সময় জমি বা ফ্ল্যাটের মূল্য কম করে দেখানো হয়, আবার অন্যদিকে ব্যাংক ঋণ পাওয়ার আশায় বেশি মূল্যও দেখানো হচ্ছে। কর কর্মকর্তারা অভিযান পরিচালনা করলে এসব অনিয়ম প্রকাশ্যে আসবে হবে বলে তিনি মনে করেন।
এনবিআর সূত্র জানায়, প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম নগরীতে জানুয়ারি মাসে সাব-রেজিস্ট্রি অফিসে জরিপ কার্যক্রম পরিচালনা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সিলেট, রাজশাহী ও খুলনায় জরিপ চালানো হবে।
মেফতাহউদ্দিন খান বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি বা ফ্ল্যাট নিবন্ধনের তথ্য নেওয়ার পাশাপাশি সেগুলো সঠিক কি না সেটি আমরা যাচাই করব। আশা করি এতে প্রকৃত মূল্যের তথ্য বেরিয়ে আসার পাশাপাশি ইটিআইএন সঠিক কি না সেটি বেরিয়ে আসবে।
