তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্যই হলো ঢাকা সিটি করপোরেশন নির্বাচন বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এবং গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সবসময়ই নির্বাচনের আগে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে। এবারও সেই বিষয়টি খোলাসা করেছে। নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে নির্বাচনে অংশ না নিয়ে আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যান। ঢাকায় আপনারা কী কী কাজ করতে চান, আপনাদের উদ্দেশ্য কী, তা জনগণকে জানান। আপনাদের জয়লাভের উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে আমি মনে করি।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপি নেত্রী সেলিমা রহমান বলেছেন, হঠাৎ করে সরকারের পতন হবে। তার এই বক্তব্যেই প্রমাণ করে তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। অতীতেও আপনাদের ষড়যন্ত্র মানুষ দেখেছে এবং ব্যর্থ করে দিয়েছে।’
সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম আজীবনই নির্মোহ এবং নির্লোভ ব্যক্তি ছিলেন। তিনি রাজনীতিকে একটি ব্রত হিসেবে নিয়ে আজীবন নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করে গেছেন।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আখতার হোসেন ও অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, কবি নাসির আহম্মেদ প্রমুখ।
