ফরিদপুরে সদরপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশসহ আহত হয়েছে অন্তত দশ জন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগের মিছিলে এই হামলার ঘটনা ঘটে। সংগঠনটির নেতাকর্মীদের দাবি ওই এলাকার (ফরিদপুর-৪) সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থক বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে।
ঘটনা বিষয়ে ফরিদপুরের অতিরিক্তি পুলিশ সুপার জামাল পাশা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মীম অভিযোগ করে বলেন, ফরিদপুর-৪ আসনে (স্বতন্ত্র) এমপি মুজিবুর রহমান চৌধুরীর সমর্থিত বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
তবে হামলার ঘটনার কথা অস্বীকার করে কাজী শফিকুর রহমান বলেন, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। দীর্ঘদিন এ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি কেন এই হামলা চালাতে যাব?
তার দাবি, হামলার খবর পেয়ে তিনি সেখানে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেছেন। তিনদিন আগে কাজী জাফরউল্লাহ সাহেব সদরপুরে জনসভা করে উসকানিমূলক বক্তব্য রেখেছিলেন। এ কারণে সংঘর্ষ হতে পারে।
