সম্রাট ও খালেদের স্ত্রীসহ পাঁচজনকে দুদকে তলব

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৩:৩১ এএম

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী ও বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদের স্ত্রীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথকভাবে তাদের নামে তলবি নোটিস পাঠানো হয় গত ২ ডিসেম্বর। কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এই নোটিস পাঠিয়েছেন বলে জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে জানিয়েছেন।

তলবকৃতদের মধ্যে খালেদ মাহমুদের স্ত্রী সুরাইয়া আক্তার, ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও মাসুদ মাহমুদের স্ত্রী মনসুরা ইয়াসমিনকে ১২ জানুয়ারি এবং ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী  ও সম্রাটের ভাই রফিক চৌধুরীকে ১৩ জানুয়ারি হাজির হতে বলা হয়েছে।

চিঠিতে তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও তিন বছরের আয়কর রিটার্নের কপি নিয়ে যেতে বলা হয়েছে।

ক্যাসিনো কাণ্ডের অভিযানে গ্রেপ্তার হন আলোচিত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ। এর ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা করেন।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদের বিরুদ্ধে গত ২১ অক্টোবর মামলা করে দুদক। মামলায় খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।

গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ১৯টি মামলা দায়ের করে দুদক।

কমিশনের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে সাত সদস্যের একটি টিমের অপর সদস্যরা হলেনÑ উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত