কাজী সানাউল হককে এমডি নিয়োগের সিদ্ধান্ত ডিএসইর

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১০:৫২ পিএম

পর্ষদ সভায় বাগবিতণ্ডা শেষে কাজী সানাউল হককে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সানাউল হক এর আগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিএসইর পর্ষদ সভার চার সদস্য সানাউল হকের বিরোধিতা করেছেন। এমন পরিস্থিতিতে এমডি নিয়োগে সম্মতিপত্রের সঙ্গে বিরোধিতাকারীদের আপত্তিগুলো নোট আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। 

জানা গেছে, কাজী সানাউল হককে এমডি হিসেবে নিয়োগের বিষয়ে ডিএসইর পরিচালনা পর্ষদ সভার চার শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্যে তিনজনই বিরোধিতা করেন। তবে একজন প্রভাবশালী শেয়ারহোল্ডার পরিচালকের ইচ্ছায় স্বাধীন পরিচালকদের পাঁচজন সানাউল হককে নিয়োগের বিষয়ে সম্মতি দেন। যদিও সানাউল হকের বিষয়ে বিতর্ক রয়েছে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) বিনিয়োগ বিভাগের জিএম পদে থাকাকালীন সময়ে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে সানাউল হকের বিরুদ্ধে। শেয়ার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ২০১৪ সালের জানুয়ারিতে বিডিবিএলকে শাস্তি পেতে হয়। পরে এমডি হিসেবে আইসিবিতেও দক্ষতা দেখাতে পারেননি তিনি। তার সময়কালে আইসিবির মুনাফায় বড় ধস নামে। আইসিবির অঙ্গ প্রতিষ্ঠানে ১৩৭ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় সানাউল হককে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছিল।

তবে বিভিন্ন বিতর্কের পরও ডিএসইর পর্ষদের প্রভাবশালী একজন শেয়ারহোল্ডার পরিচালক সানাউল হককেই এমডি হিসেবে নিয়োগ দিতে চান। নিয়োগে সম্মতি জানানো একাধিক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েকজনের আপত্তি রয়েছে। তবে সানাউল হকের পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে, যেটিকে বড় যোগ্যতা হিসেবে বিবেচনা করছেন পর্ষদের অধিকাংশ সদস্য। 

ডিএসইর নিয়োগ নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। ডিমিউচুয়ালাইজেশন অনুযায়ী ‘সি’ ক্যাটাগরির পদগুলো চুক্তিভিত্তিক হলেও প্রভাব খাটিয়ে সেগুলো স্থায়ী করা হয়েছে। চুক্তিকালীন সময়ে ওই কর্মকর্তাদের যে বেতন ধরা হয়েছিল পদ স্থায়ী হওয়ার পরও তা অপরিবর্তিত রয়ে গেছে। এতে করে বেতন-ভাতা বাবদ ডিএসইর ব্যয় অনেক বেড়ে গেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা স্টক এক্সচেঞ্জের উন্নয়ন কিংবা আয় বাড়াতে কোনো ভূমিকাই রাখতে পারেননি। এসইসি বেতন-ভাতা সংক্রান্ত গাইডলাইন করে দিলেও ‘সি’ লেভেলের কর্মকর্তাদের বিরোধিতায় তা বাস্তবায়ন হয়নি। ওই গাইডলাইন অনুযায়ী সিএফও, সিওও, সিটিওসহ ‘সি’ লেভেলের কর্মকর্তাদের বেতন কমবে।

এদিকে ডিএসইর চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। গতকাল তিনি ডিএসইতে যোগদান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত