জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা মাদকমুক্ত ঢাকার প্রতিশ্রুতি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০২:৫৮ এএম

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে গতকাল সোমবার চতুর্থ দিনের মতো প্রচার চালিয়েছেন আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী। দক্ষিণ সিটিতে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস গতকাল মুগদা থেকে প্রচারকাজ শুরু করেন। এর আগে তিনি মানিকনগর বাসস্ট্যান্ডে সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করবেন।

এদিকে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে গতকাল গণসংযোগ শুরুর আগে উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি গত ৯ মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদকমুক্ত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন। জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা জানালেন তাপস : জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনার বিষয়ে ব্যারিস্টার তাপস সাংবাদিকদের বলেন, ‘আমরা যে উন্নত ঢাকা গড়তে ৩০ বছরের মহাপরিকল্পনা নিচ্ছি সেটার আওতায় আমাদের জলাবদ্ধতা নিরসন করে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ করব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় কাজ করার পর অন্তত তিন বছর অন্য কোনো সংস্থাকে সেই এলাকায় কাজ করতে দেওয়া হবে না। এটা হলে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়, সেই দুর্ভোগ থেকে ঢাকাবাসী পরিত্রাণ পাবে।’

ঢাকা গড়তে নেওয়া পরিকল্পনা নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকাবাসী সাদরে আমাদের পরিকল্পনা গ্রহণ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়তে যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, আমরা আশা করি ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ঢাকাবাসী সেই ঢাকা গড়ার পক্ষে তাদের রায় দেবে এবং আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করবে।’

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘নির্বাচিত হতে পারলে ৯০ দিনের মধ্যে ঢাকাবাসীর সব মৌলিক সুবিধাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।’

এ সময় দক্ষিণ সিটির ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল বাতেন বাচ্চু (রেডিও মার্কা) ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মাকসুদাকে (আনারস মার্কা) পরিচয় করিয়ে দেন ব্যারিস্টার তাপস। নির্বাচনী প্রচারের চতুর্থ দিনে নেতাকর্মীদের নিয়ে গতকাল মুগদা থেকে গণসংযোগ শুরু করেন শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি খিলগাঁও, সবুজবাগসহ সংশ্লিষ্ট এলাকায় সুশৃঙ্খলভাবে প্রচার চালাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।  এর আগে দুপুর ১টার দিকে মানিকনগর বাসস্ট্যান্ডে পৌঁছলে তাপসকে ফুলের তৈরি নৌকা দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত ঢাকা গড়ার প্রতিশ্রুতি আতিকের : গতকাল গণসংযোগ শুরুর আগে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি গত ৯ মাস যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমেই মাদকমুক্ত ঢাকা শহর গড়ে তুলতে কাজ শুরু করব যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। এছাড়া সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, নারীবান্ধব সবুজ-সচল ঢাকা গড়ার কাজ করব ইনশাল্লাহ।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এ মেয়র বলেন, ‘আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার চালাচ্ছি। বিরোধীপক্ষকে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি আজ আসার পথেই দেখলাম ধানের শীষের সেøাগান দিয়ে ভোট চাচ্ছে, আমরা তো কোনো বাধা দিইনি। বিরোধীপক্ষ মিথ্যাচার করছে।’

সিটি নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেÑ এ অভিযোগ উত্তরের মেয়র প্রার্থী আতিক বলেন, ‘আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, আছে শুধু উন্নয়নের গিয়ার।’

আতিকুল ইসলামের নির্বাচন সমন্বয়ক জয়দেব নন্দী জানান, খিলগাঁও তালতলা মার্কেট থেকে গণসংযোগ শুরু করে মাটির মসজিদ হয়ে আবুল হোটেল, রামপুরা হয়ে বাড্ডা এলাকার আলাতুন্নেসা মাদ্রাসা এবং মধ্য বাড্ডাসহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের জন্য ভোট চান উত্তরের মেয়র প্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত