প্রার্থীদের আয়কর ও কর পরিশোধের তথ্য প্রকাশের দাবি সুজনের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৩:০৬ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে পৌঁছে দেওয়া হয়।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘ইসির ওয়েবসাইটে দেখা যায় যে, প্রার্থীদের আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য প্রদান করা হয়নি। যদিও জাতীয় নির্বাচনসহ আগের সব স্থানীয় সরকার নির্বাচনে এই তথ্যগুলো প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি এখন পর্যন্ত সব ওয়ার্ড, বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধিকাংশ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের তথ্য প্রকাশ করা হয়নি। আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও সব ধরনের তথ্য পেনড্রাইভ/সিডি বা ফটোকপির মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

ইসির ওয়েবসাইটে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীর আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্যসহ পূর্ণাঙ্গ তথ্য দ্রুত প্রকাশের জন্য এবং একই সঙ্গে পেনড্রাইভে সরবরাহের জন্য আবেদন জানিয়েছে সংগঠনটি। সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা ম্যানুয়েলের (২০১৯ সংস্করণ) ১৯ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ‘প্রত্যেক প্রার্থীর মনোনয়নপত্রের সাথে ৩ কপি করে হলফনামা, সম্ভাব্য উৎসের বিবরণী, আয়কর রিটার্ন এবং কর পরিশোধের প্রমাণপত্রের কপি রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিল করতে হবে।’

এতে আরও বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের বিভিন্ন তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ওয়েবসাইটে প্রদানের সুবিধার্থে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে মনোনয়নপত্র দাখিল করার সাথে সাথে হলফনামা, সম্ভাব্য উৎসের বিবরণী, আয়কর রিটার্ন ও কর পরিশোধের প্রমাণপত্রের অনুলিপি স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করে তা ইসি সচিবালয়ের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে প্রেরণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত