খালেদার মুক্তির জন্য বিশেষ আবেদনের ভাবনা স্বজনদের

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০২:০০ এএম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুবই খারাপ’ বলে জানিয়েছেন তার ছোট বোন সেলিমা ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সেলিমা ইসলাম বলেন, ‘অবিলম্বে তার সুচিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিশেষ আবেদন করার কথা ভাবছি আমরা।’ তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা তো খুবই খারাপ। তিনি শুধু বমি করছেন। গায়ে জ্বর আছে। শরীরের ব্যথায় কাতরাচ্ছেন। বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে হবে। এ হাসপাতালে তার চিকিৎসা সম্ভব নয়। চিকিৎসকরা তাকে কেমন দেখছেন এমন প্রশ্নে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, তারা যে চিকিৎসা দিচ্ছেন তাতে কোনো কাজ হচ্ছে না। খালেদা জিয়ার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো কোনো আবেদন করিনি। তার যে অবস্থা তাতে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। শরীর তো খুবই খারাপ। তিনি তো ব্যথায় কাতরাচ্ছেন, তার ডায়াবেটিস আজও ১৫তে। এভাবে কত দিন চলবে? এই হাসপাতালে তো ১ বছরের কাছাকাছি সময় রয়েছে, তার শরীরে কোনো উন্নতি হচ্ছে না; বরং দিন দিন অবনতি হচ্ছে। এ জন্য আমরা চাই তাকে উন্নত হাসপাতালে চিকিৎসা করাতে।’খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার আইনের কথা বলছে এ ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে বিশেষ কোনো আবেদন করা হবে কি না  জানতে চাইলে তার ছোট বোন বলেন, ‘আমরা ভাবছি, আমরা আবেদন করব। তবে এটা এখনো ঠিক করিনি। কারণ তার শরীরের যে অবস্থা, এ অবস্থায় বেশি দিন থাকলে তাকে জীবিত বাসায় নিয়ে যেতে পারব না।’

খালেদা জিয়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে কোনো বার্তা দিয়েছেন কি না, এমন প্রশ্নে সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি তো কথাই বলতে পারছেন না। তবে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

বিকেল ৩টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন খালেদা জিয়ার পরিবারের সদস্যরা। তারা সঙ্গে নিয়ে যান বাসায় রান্না করা খাবার ও কিছু ফলমূল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার সঙ্গে গতকাল আরও যারা সাক্ষাৎ করেন তারা হলেন তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার, সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার। আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা হাসপাতলে এলেও সাক্ষাৎকারের তালিকায় নাম না থাকায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তরায় মিছিল : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বাদ জুমা রাজধানীর উত্তরায় মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি উত্তরার আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে মাসকাট প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘দায়েরকৃত মিথ্যা মামলা’ ও সাজা প্রত্যাহারের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত