বই মেলায় হিমারিকা লিমা’র প্রথম উপন্যাস ‘নৈঃশব্দের শব্দ’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১০:৫৯ পিএম

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমারিকা লিমা’র প্রথম উপন্যাস ‘নৈঃশব্দের শব্দ’। বইটি প্রকাশ করছে নির্বাণ প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন আল নোমান।

‘নৈঃশব্দের শব্দ’ নিয়ে হিমারিকা লিমা বলেন, দায়বদ্ধতা, সংগ্রাম, জীবনের গ্লানি পেছনে ফেলে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে এ উপন্যাসটি। আমরা যেমন যুগ যুগ ধরে পাশাপাশি থেকেও অপর পাশের মানুষের দুঃখগুলো অনুভব করতে পারি না। তেমনি পারি না সময়কে ধরে রাখতে। এই সীমিত সময়ের জীবনে কেউ কেউ হাজারো সীমাবদ্ধতা নিয়ে স্বপ্ন দেখে। আবার কেউ কেউ রেখে যায় অতৃপ্ত সমাপ্তি। আমাদের এ প্রবহমান জীবনের নৈঃশব্দ্যের গহিনে অনেক গল্প জমা পরে থাকে। জীবনের এই সব ধূসর গল্পগুলো নিয়ে লেখা ‘নৈঃশব্দের শব্দ’ উপন্যাস।

বই প্রকাশের বিষয়ে লিমা বলেন, উপন্যাসটি লেখা ও তা প্রকাশের বিষয়টি পরিবারের কেউই জানে না। কারণ আমার পরিবার অনেক রক্ষণশীল। তারা আমাকে এতে সাহায্য করবে না। তাই নিজের জমানো শিক্ষা বৃত্তির টাকা দিয়ে এ বইটি প্রকাশ করছি।

১৯৯৭ সালের ২৭ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়ায় হিমারিকা লিমার জন্ম। প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা সেখানেই। তারপর ভর্তি হন নেত্রকোনা সরকারি কলেজে। উচ্চ মাধ্যমিক পড়াশোনার পর এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৩য় বর্ষে পড়ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত