করোনাভাইরাসে বিপর্যস্ত চীন। ভাইরাসটির উৎপত্তি স্থল হুবেই প্রদেশের উহানসহ একাধিক শহর রীতিমতো অবরুদ্ধ। গণপরিবহন থেকে শুরু করে বন্ধ সব দোকানপাট।
এমন পরিস্থিতিতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে দেশটিতে। ভাইরাসের ধাক্কা লেগেছে প্রযুক্তি কোম্পানির ব্যবসাতেও। বন্ধ করে দেয়া হয়েছে অ্যাপল, গুগল, শাওমিসহ একাধিক টেক জায়ান্টের অনেক স্টোর।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভাইরাস আক্রান্ত দেশটিতে যাওয়ার ব্যাপারে কর্মীদের প্রতি নিষেধাজ্ঞা জারি করে কোম্পানিগুলো। স্মার্টফোনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দেশ চীন। ভাইরাস আতঙ্কে মানুষজন গৃহবন্দী হয়ে পড়ায় ধস নেমেছে স্মার্টফোন কেনাবেচায়।
করোনাভাইরাসের আক্রমণে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে অ্যাপল। মঙ্গলবার মার্কিন টেক জায়ান্টির সিইও টিম কুক জানান, করোনাভাইরাসের কারণে তারা অ্যাপলের স্টোরগুলো বন্ধ করে দিয়েছেন।
দেশটিতে গুগলের সবগুলো অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া চীন ও হংকংয়ে সবধরণের ব্যবসায়িক সফরেও কড়াকড়ি আরোপ করেছে কোম্পানিটি।
একইভাবে বন্ধ শাওমি ফোনের অফিস ও স্টোরগুলো। কোম্পানিতে আসছে না প্রতিষ্ঠানটির কর্মচারীরা। ফলে চীনে বিভিন্ন শহরে এক প্রকার স্থবির হয়ে পড়েছে কোম্পানিগুলো।
এদিকে চীনে প্রতিটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। এখন পর্যন্ত মারা গেছে ২১৩ জন। আক্রান্ত হয়েছে সাড়ে নয় হাজারেরও বেশি। এর মধ্যে ১৯টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ৯৮ জন।
এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় সুইজারল্যান্ডের জেনেভায় এক জরুরি বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
তবে ভাইরাসটি নিয়ে বিশ্ববাসীকে উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
