এবারে অমর একুশে বইমেলায় বের হচ্ছে মামুন মিজানুর রহমানের তৃতীয় গল্পগ্রন্থ ‘কোথায় তারে পাই’।
বইটি প্রকাশ করছে পরানকথা। প্রচ্ছদ করছেন চারু পিন্টু। বইমেলায় লিটলম্যাগ চত্বরে পাওয়া যাবে।
গল্পগ্রন্থটি প্রসঙ্গে ফ্ল্যাপে লেখা হয়, “জীবনের পথ আঁকাবাঁকা। অসমান্তরাল। অপরিকল্পিত। অচেনা। সরল বয়ানে জীবনের নানা গভীর প্রসঙ্গ নিয়েই এসব গল্প। কিন্তু সারল্য নয়, মামুন মিজানুর রহমানের গল্প ধারণ করে জীবনের দুস্তর পথচলার সমূহ জটিলতা। তার রয়েছে কুটিল চোখ এবং গা-জ্বালানো ভাষা। ঘটনার যে অংশগুলাকে তিনি ‘জুম’ করে কাছে এনে দেখাতে চান, সেদিকে অনেকেই যেতেও চান না।
তার গল্পের বিষয় ও ভাষা কিছুটা আলাদা। গল্পের আঙ্গিক ও আখ্যান নির্মাণে কতটা মুনশিয়ানা, সেটা পাঠকের বিবেচ্য, কিন্তু ভাষা ও বিষয়ে তার স্বাতন্ত্র্যের কথা জোর গলায় বলা যেতে পারে।
তার গল্পের বিষয় সমকালীন যন্ত্রপ্রভাবিত গ্রামীণ ও নাগরিক জীবন। প্রেম-বিরহ, নিঃসঙ্গতা, নৃশংসতা, অবদমন, মৃত্যুচিন্তা ইত্যাদি সব আইটেমই কম- বেশি মসলা বিস্তার করেছে তার গল্পে।
তার গল্প পড়তে বসা কিছুটা ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রে তার চাবুকের আঘাত থেকে পাঠকও নিরাপদ নন। গল্পকার হিসেবে তিনি কিছুটা হিংস্র, জীবনের নির্মমতাকে তুলে ধরার ক্ষেত্রে কোনো আলাপকেই তিনি এড়িয়ে যেতে চান না।”
মামুন মিজানুর রহমানের জন্ম ময়মনসিংহের নান্দাইলের সংগ্রামকেলী গ্রামে। রম্যরচনা ও ছড়া লেখার মধ্য দিয়ে লেখালেখি শুরু। এরপর কথাসাহিত্য চর্চায় নিজেকে যুক্ত করেন।
এর আগে তার প্রকাশিত দুটি গল্পগ্রন্থ ‘হেসে হেসে ডুবেছিল চাঁদ’ (চৈতন্য-২০১৭), দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দ্রোপদীর ভেতর-বাহির’ (জোনাকি-২০১৮)।
