কূটনীতিকদের সিটি নির্বাচন ‘চিত্র’ জানালেন তাবিথ-ইশরাক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২১ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ‘চিত্র’ কূটনীতিকদের কাছে তুলে ধরেছেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। এজন্য গতকাল রবিবার বিকেল ৪টার দিকে গুলশানে হোটেল লেকশোরে তারা এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন। বৈঠকে অস্ট্রেলিয়া, রাশিয়া, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, তুরস্ক, ভারতসহ ১৩টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে নির্বাচনের সার্বিক চিত্র নিয়ে তথ্য-উপাত্তসহ ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের ঢাকা দক্ষিণের ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক বলেন, ‘দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে কূটনীতিকদের। কী কী ঘটনা নির্বাচনের দিন ঘটেছে তা তাদের জানানো হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি সাংবাদিকদের যা দেখানো বা জানানো হয় সেগুলোই কূটনীতিকদের দেখানো হয়েছে।’ কোন বিষয়গুলো ‘ফোকাস’ করেছেন জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘কারচুপির ইলেকশন, জালিয়াতির ভোট এসব বিষয় তুলে ধরা হয়েছে। তারা তো আমাদের উন্নয়ন সহযোগী দেশ। তারা জানতে চেয়েছেন ইলেকটোরাল প্রসেসটা কীভাবে সংঘটিত হচ্ছে। তারা আমাদের এখানে বিভিন্ন সময়ে ডেমোক্রেসির ওপর প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাই তাদের একটা আগ্রহ থাকে যে, এত বড় নির্বাচন হয়ে গেল সেটা কীভাবে হলো? সেগুলোর বিষয়ে আমরা তাদেরকে প্রেজেন্টেশন দিয়েছি।’

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা ইসমাইল জবিউল্লাহ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামা ওবায়েদ, অ্যাডভোকেট আসাদুজ্জামান, জহিরউদ্দিন স্বপন, জিবা খান, ব্যারিস্টার মীর হেলাল, ফাহিমা নাসরিন মুন্নী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত