ইলিয়াস কাঞ্চনের মামলা

শাজাহান খানকে লিখিত ব্যাখ্যার নির্দেশ আদালতের

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৭ এএম

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চনের করা ১০০ কোটি টাকার মানহানি মামলাটি গ্রহণ করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য মামলাটি গ্রহণ

করে শাজাহান খানকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার আদেশ দেন। এদিন আদালতে মামলার গ্রহণযোগ্যতার ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত ওই আদেশ দেয় বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. রেজাউল করিম।

এর আগে গত বুধবার একই আদালতে ওই মামলাটি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন। তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন নামে একটি সংগঠন গড়ে তোলেন। এটি করতে গিয়ে তিনি নানা ধরনের হুমকির মুখোমুখি হন। ২০১৮ সালে ঢাকায় দুজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হয়। যার প্রেক্ষিতে ওই বছরের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন আইন পাস হয়। এরপর বিবাদী শাজাহান খানের নেতৃত্বে মালিক ঐক্যপরিষদ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশোধনসহ সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। তখন শাজাহান খানের প্ররোচনায় দেশের সব বাস টার্মিনালে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে গত বছরের ১৮ নভেম্বর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন আইন কার্যকর শুরু হয়। এর পরদিন শাজাহান খানের প্ররোচনায় বাস ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্যপরিষদ পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ওইদিন শাজাহান খানের প্ররোচনায় ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা ও গলায় জুতার মালা পরিয়ে নানাভাবে হেয়প্রতিপন্ন করা হয়।

মামলায় ইলিয়াস কাঞ্চন উল্লেখ করেন, গত বছরের ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে জেলা মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি অনুষ্ঠানে তার (ইলিয়াস কাঞ্চন) সম্পর্কে শাজাহান খান বলেন, ‘আপনি যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়েছেন, আপনি কয়টা প্রতিষ্ঠান করেছেন? কয়টা স্কুল করেছেন? কতজন মানুষকে টেনে নিয়েছেন? ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান এবং সেখান থেকে নিজের নেতৃত্বে বধূর নামে লাখ লাখ টাকা নেন। সেই হিসাব আমি জনসমক্ষে তুলে ধরব। নিরাপদ সড়ক চাই এনজিওর নামে বিদেশিদের কাছ থেকে এ পর্যন্ত ইলিয়াস কাঞ্চন কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই অবৈধ অর্থ দিয়ে বেশ কয়েকটি ব্যবসা ও স্কুল করেছেন। ইলিয়াস কাঞ্চন একজন জ্ঞানপাপী।’ শাজাহান খানের এই বক্তব্য পরদিন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, ইলিয়াস কাঞ্চনকে নিরাপদ সড়ক চাই আন্দোলন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শাজাহান খান তার সম্পর্কে মনগড়া ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। পরে ওই বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের জন্য শাজাহান খানকে আলটিমেটাম দেন ইলিয়াস কাঞ্চন। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার পরও শাজাহান খান তার বক্তব্য প্রত্যাহার করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত