দিল্লিতে সিএএবিরোধীরা সোচ্চার

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩২ এএম

দিল্লির শাহীনবাগে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনরত নারীরা গতকাল ব্যাপক বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির দিকে আগানোর প্রস্তুতি নিলে দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির চারপাশে অবস্থান নেয় বলে জানিয়েছে এনডিটিভি।

শাহীনবাগের বিক্ষোভকারীদের দাবি ছিল নাগরিকত্ব আইন ও নারী বিক্ষোভকারীদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়টি নিয়ে অমিত শাহর সঙ্গে সরাসরি আলোচনা করা। কিন্তু পুলিশি বাধায় তা করতে পারেননি বিক্ষোভকারীরা। তবে অমিত শাহর সঙ্গে প্রটোকল মেনে সাক্ষাৎ করানোর প্রতিশ্রুতি পুলিশের কাছ থেকে আদায় করেছেন তারা।

গতকাল দুপুর ২টার দিকে বিক্ষোভকারীরা অমিত শাহর বাড়ির দিকে রওনা শুরু করেন। ঘটনাস্থল থেকে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘বিক্ষোভকারীদের মধ্য থেকে কয়েকজনকে অমিত শাহর সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার বিষয়টি আমরা দেখতে পারি। কিন্তু তারা সবাই মিলে অমিত শাহর সঙ্গে দেখা করতে চাইছেন। আমরা এমনটা হতে দিতে পারি না।

৭৬ বছর বয়সী এক বিক্ষোভকারী সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাইকে নিয়ে অমিত শাহর বাড়িতে যেতে চাই। সবার সামনে আমরা তার সঙ্গে কথা বলতে চাই। আমরা চাই তিনি আমাদের সামনে লিখিত দিক যে এনআরসি ও সিএএ বাতিল করা হবে।

দুই মাস ধরে সিএএবিরোধী আন্দোলনের কেন্দ্রে পরিণত হয়েছে দিল্লির শাহীনবাগ। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একাধিক নেতা ইতিমধ্যেই শাহীনবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধে বিষোদগার করেছেন। আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী ও ‘জাতীয়বাদবিরোধী বলেও আখ্যা দিয়েছেন অনেক বিজেপি নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত