চীনে করোনায় আক্রান্ত কমলেও থামছে না মৃত্যুর মিছিল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৯ এএম

পূর্বধারণার চেয়ে সহজে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিলেও চীনের কর্র্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার বলেছে, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্যে, ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে গত বুধবার মাত্র ৩৯৪ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৬৯৩ জন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত ২৫ জানুয়ারির পর এই প্রথম সবচেয়ে কম করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী হাসপাতালে ভর্তি হলো।

আক্রান্ত কমলেও ভাইরাসে মৃত্যুর মিছিল থামছে না। গত বুধবার এক দিনে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হুবেই প্রদেশেই ১০৮ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত করোনাভাইরাসে ২ হাজার ১২৮ জনের মৃত্যু হলো, যাদের মধ্যে ১০ জনের মৃত্যু ঘটেছে চীনের বাইরে। সব মিলে চীনে আক্রান্ত ৭৪ হাজার ৫৭৬ জন। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ ইরানসহ অন্তত ২৯টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৬৭৪ জন।

এদিকে করোনাভাইরাসের কারণে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর দুই যাত্রীর মৃত্যু হয়েছে। ৮৭ বছর বয়সী পুরুষ যাত্রী হৃদরোগে ও ব্রঙ্কাইটিসে এবং ৮৪ বছর বয়সী নারী যাত্রীর মৃত্যুর কারণ নিউমোনিয়া বলে গতকাল জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাপানের এ দুই নাগরিককে গত সপ্তাহে জাহাজ থেকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাহাজটিতে কাজ করতে গিয়ে তাদের আরও দুজন সরকারি কর্মকর্তা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে জাপানের আরও তিনজন কর্মকর্তা ওই জাহাজে কাজ করতে গিয়ে আক্রান্ত হন। এ নিয়ে দুই সপ্তাহ পর্যবেক্ষণে থাকা ডায়মন্ড প্রিন্সেসের ৩ হাজার ৭০০ আরোহীর মধ্যে অন্তত ৬২১ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ল।

এরই মধ্যে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এটাই মধ্যপ্রাচ্যে প্রথম ভাইরাসটিতে মৃত্যুর ঘটনা। এছাড়া গতকাল দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৩১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে ভাইরাসে ৮২ জন আক্রান্ত হলো।

একটি প্রতিবেদনকে ‘বর্ণবাদ’ অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কার করেছে চীন। গত বুধবার তাদের প্রেস কার্ড বাতিল করে পাঁচ দিনের মধ্যে চীন ছাড়তে বলেছে পেইচিং কর্র্তৃপক্ষ। তারা হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক সহকারী ব্যুরো প্রধান জোশ চিন ও চাও ডেং এবং অস্ট্রেলিয়ার নাগরিক ফিলিপ ওয়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, ‘বর্ণবাদী প্রতিবেদনের জন্য অনেকবার ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও তারা তা প্রত্যাখ্যান করেন।’

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছর ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। নিউমোনিয়ার মতো লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্র্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। ঠিক কীভাবে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত