রাবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৪ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে লিখিত অভিযোগ দিয়েছেন চারুকলা অনুষদের দশ শিক্ষার্থী।

যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু বলেন,  ‘চারুকলা অনুষদের ছাত্রীদের অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ চলছে।’

লিখিত অভিযোগে উল্লেখ করা হযেছে, অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী বিভিন্নভাবে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্ত করেছেন। ফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত ও পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না।

ছাত্রীরা আরও বলেন, ‘কারণে-অকারণে স্যার আমাদের বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানারকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন।’

এ ব্যাপারে জানতে অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীকে মোবাইলে ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত