পটুয়াখালীতে এমপির পিএর বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৩ এএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কাউয়ারচরে স্থানীয় এমপি মহিব্বুর রহমানের ব্যক্তিগত সহকারী (পিএ) তরিকুল ইসলামের বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ করেছেন মাহাবুবুর রহমান হাওলাদার নামের এক ব্যক্তি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘের দখলের চেষ্টাকালে তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

পরে রাতে তরিকুলসহ ২০ জনের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা করেন মাহাবুবুর রহমান। পুলিশ অভিযান চালিয়ে শাহিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ধূলাসার ইউনিয়নের কাউয়ারচরে মাহাবুবুর রহমান হাওলাদারের ছেলে নুর বাহাদুর ৩০ একর জমিতে ঘের দিয়ে মাছ ও কাঁকড়ার চাষ করে আসছেন। সম্প্রতি তরিকুলের নেতৃত্বে দুর্বৃত্তরা মাছ ও কাঁকড়া লুটে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়।

এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে শ্রমিক নিয়ে ঘেরে সেচ দিচ্ছিলেন নুর বাহাদুর। সন্ধ্যা ৭টার দিকে তরিকুল স্থানীয় মিন্টু, ইলিয়াসসহ ২০-২৫ জনকে নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় তারা ঘেরে সেচ দিতে নিষেধ করলে নুর বাহাদুর প্রতিবাদ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা নুর বাহাদুর, সোহেল ও জুয়েলকে কুপিয়ে জখম করে। সন্তানকে বাঁচাতে ঘের মালিক মাহাবুবুর রহমান ও তার ছোট ভাই হেলাল এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। নুর বাহাদুরের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাহাবুবুর রহমান তরিকুলসহ ২০ জনকে আসামি করে মামলা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে তরিকুল ইসলাম বলেন, ‘আমি বৃহস্পতিবার ঢাকায় ছিলাম। শুনেছি ঘের মালিক ও যারা এটি দখল করতে গিয়ে মারামারি করেছে, সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। ঘের দখলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

মহিপুর থানার ওসি (তদন্ত) মাহাবুবুল আলম জানান, ঘের দখলকে কেন্দ্র করে হামলার মামলায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত