২০৫০ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বেজা

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০১:৩২ এএম

দেশে বিনিয়োগের ক্ষেত্রে সুখবর দিচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো। এখন পর্যন্ত ১৫১ দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছ  থেকে প্রায় ২ হাজার ৫০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এর মধ্যে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে।

বাসসের প্রতিবেদনে বলা হয়, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হোন্ডা মোটরস, সুমিটোমো, নিপ্পন, এশিয়ান পেইন্টস ও বার্জার পেইন্টস, আদানি, উইলমার, ইয়াবাং, জিনদুন, সিয়াম গ্রুপ, টিআইসি গ্রুপ, ইউনিলিভার, সাকাতা ইনক্স, চায়না হারবার।

প্রস্তাবিত প্রায় ৪৮০ দশমিক ৮ কোটি ডলার বিদেশি বিনিয়োগের মধ্যে প্রায় ৫৫ কোটি ডলার ইতিমধ্যে বিনিয়োগ হয়েছে। বিনিয়োগকারী দেশের মধ্যে জাপান, চীন, যুক্তরাজ্য, দক্ষিণ  কোরিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও নেদারল্যান্ডস উল্লেখযোগ্য।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, এর বাইরেও অনেক বিদেশি প্রতিষ্ঠান বড় প্রস্তাব নিয়ে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের আওতাধীন মিরসরাই-২এ অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই-২বি অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল,  ফেনী অর্থনৈতিক অঞ্চল এবং এসবিজি অর্থনৈতিক অঞ্চল, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, মোংলা অর্থনৈতিক অঞ্চলকে এরই মধ্যে শিল্প স্থাপনের উপযুক্ত করেছে বেজা। তিনি আরও বলেন, দেশ-বিদেশের অনেক উদ্যোক্তা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই শিল্প ইউনিটের নির্মাণকাজও শুরু করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এ বছর ২০টি প্রতিষ্ঠান কারখানা নির্মাণকাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।। বেজা সারা দেশে আরও ১৪টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা করছে। নেত্রকোনা অর্থনৈতিক অঞ্চল এবং বগুড়া অর্থনৈতিক অঞ্চলের সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে।

পবন চৌধুরী জানান, জিটুজি ভিত্তিতে জাপান, চীন ও ভারতের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে। এছাড়া সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, হংকং, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবের সঙ্গে জিটুজি ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আলোচনা হচ্ছে।

অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ফলে ইতিমধ্যে প্রায় ৩০ হাজার কর্মসংস্থান হয়েছে। প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় ৮ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক অঞ্চলে অবদানের জন্য বেজাকে গত নভেম্বরে ইউরোপের মোনাকোতে এক সম্মেলনে ‘ফেমোজা অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত