৭ মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৪:০০ এএম

সাত বিভাগে গঠন করা মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে জেলা ও দায়রা জজ পদমর্যাদার সাতজন বিচারককে নিয়োগ দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে গঠিত এ সব ট্রাইব্যুনালে গতকাল রবিবার বিচারক নিয়োগ দিয়ে আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

এতে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লাকে রাজশাহীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) এম এ আউয়ালকে খুলনা, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. নূর ইসলামকে রংপুর, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. সাইফুর রহমানকে সিলেটে, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) জান্নাতুল ফেরদৌসকে চট্টগ্রাম, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) কাজী আবদুল হান্নানকে ঢাকা এবং ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেনকে বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, মানবপাচার অপরাধ দমনে সাত বিভাগে সাতটি ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে এবং খুব শিগগির এসব ট্রাইব্যুনালের কাজ শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত