দিনাজপুরে গাঁজা বিক্রি করার সময় বিজিবির দুই সদস্যকে আটক করেছে দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক দুজনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ২টার দিকে দিনাজপুর শহরের গোড়-এ-শহীদ বড় ময়দানের দক্ষিণ-পশ্চিম পাশে একটি রেস্তোরাঁর কাছ থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সিগন্যালম্যান আনোয়ার হোসেন (৩০) ও ল্যান্স নায়েক সহকারী সাগর হোসেন (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, দুই মাদক কারবারি ওই রেস্তোরাঁর পাশে মাদক পাইকারি বিক্রি করার জন্য অবস্থান করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। এ সময় একটি মোটরসাইকেলে দুজন মাদক বিক্রির জন্য অবস্থান করছেন বিষয়টি নিশ্চিত হয়ে তাদের আটক করা হয়। তাদের মোটরসাইকেলে একটি ব্যাগে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির নিজস্ব আইনে বিচার করার জন্য বিজিবি দিনাজপুর সেক্টরের সদস্যরা আটক দুজনকে ডিবি কার্যালয় থেকে নিয়ে যায়।
দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির দুই সদস্যকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়েছিল। গতকাল সকালে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিজিবির কাছ থেকে লিখিত নিয়ে ওই দুজনকে হস্তান্তর করেছি। তারা তাদের নিজস্ব আইনে বিচার করবে।’
এ বিষয়ে জানতে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
