ঢাকা-১০ আসনের উপনির্বাচনকে সামনে রেখে জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও রাজপথের বিরোধী দল বিএনপির প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরের পক্ষ থেকে এ তিন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, অন্য সময়ে আমরা স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো জানতাম। তা সমাধানের আশ্বাস দিতাম। কিন্তু এখন বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের কারণে আমাদের স্থানীয় সমস্যা সমাধানের পাশাপাশি এ ভাইরাস থেকে ভোটারদের রক্ষা করতে নানা সচেতনতামূলক কার্যক্রম চালাতে হচ্ছে। এতে করে নির্বাচনী প্রচারণা মূলত পরিণত হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে।
করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করায় গতকাল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এ ভাইরাসের বিস্তারের ওপর তারা সার্বক্ষণিকভাবে নজর রাখছিলেন এবং এ ব্যাপারে ‘ভীতিকর রকমের নিষ্ক্রিয়তা’ দেখে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকারও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে। ১৭ মার্চ মুজিববর্ষ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করা হলেও করোনাভাইরাসের কারণে কর্মসূচিতে কাটছাঁট করছে সরকার। পাশাপাশি সরকারিভাবে এ ভাইরাস মোকাবিলায় গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এ ভাইরাস মোকাবিলায় সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। বরং তারা মুজিববর্ষ নিয়ে বেশি ব্যস্ত।
নির্বাচনী প্রচারের দ্বাদশ দিন গতকাল আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন রাজধানীর নিউ মার্কেট থেকে প্রচার শুরু করেন। সন্ধ্যায় দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘গণসংযোগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্থানীয় জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করছি। বৈশবিক এ সমস্যা থেকে ভোটারদের রক্ষা করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলছি। ইতিমধ্যে যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে দুজন এখন শঙ্কামুক্ত। সরকার করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস কী, এ থেকে রক্ষা পাওয়ার উপায় কী এসব তথ্য সংবলিত প্ল্যাকার্ড নিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছি। সামনের দিনগুলোতে এ উদ্যোগ অব্যাহতভাবে চলবে। এছাড়া আগামীকাল (আজ) শুক্রবার সংসদীয় এলাকার সব মসজিদে জুমার নামাজের খুতবায় করোনাভাইরাস মোকাবিলায় করণীয় সম্পর্কে বলতে ইমামদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।’
এদিকে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি গতকাল বিকেলে ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। সন্ধ্যায় তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনী প্রচারে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে তার দলের পক্ষ থেকে করা লিফলেট স্থানীয় জনগণের মধ্যে বিতরণ করেছেন। জনগণকে সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগে এখন প্রধান ইস্যু করোনাভাইরাস। তাই ভোট চাওয়ার পাশাপাশি এ ভাইরাস মোকাবিলায় করণীয় সম্পর্কে বিভিন্ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ করছি।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের গণমাধ্যম করোনাভাইরাস নিয়ে সচেতনতা গড়ে তুলেছে। এতদিন সরকার এ ভাইরাস থেকে জনগণকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থ হয়েছে। সরকার অন্যান্য সমস্যার মতো করোনাভাইরাসের সংক্রমণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণে গড়িমসি করেছে। এতে করে জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ। তারা এখন ক্ষমতাসীন অগণতান্ত্রিক সরকারের পরিবর্তন চায়। রাষ্ট্র ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রহণযোগ্যতা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।’
শেখ রবির পক্ষে প্রচারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গণসংযোগকালে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস এ দেশে আগেই এসেছে। কিন্তু সরকার মুজিববর্ষ সফল করতে ব্যস্ত থাকায় করোনাভাইরাসে সংক্রমণের বিষয়টি গোপন করেছিল। রোগটি বিশ্বে আজ মহামারী আকার ধারণ করেছে। অথচ সরকার প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি।
জাতীয় পার্টির প্রার্থী হাজি মো. শাহজাহান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা এখনো লিফলেট করতে পারিনি। তবে মৌখিকভাবে স্থানীয় জনগণকে করোনাভাইরাসের মতো সংকট মোকাবিলায় করণীয় কী তা তুলে ধরছি। দুয়েক দিনের মধ্যে লিফলেট তৈরি করে তা ভোটারদের মধ্যে বিলি করব।’
