জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫ হাজার ২৭৫ বার কোরআন খতম করানোর কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ এ কে এম শামীম ওসমান। তিনি বলেছেন, ‘কোনো বিনিময় ছাড়াই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে হাফেজ ও
এতিমরা কোরআন খতম দিয়েছেন। পরে এগুলো মহানবী (সা.) ছাড়াও বঙ্গবন্ধু, তার পরিবার ও শহীদদের নামে বখশে দেওয়া হয়।’
গত শুক্রবার নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শামীম ওসমান। তিনি বলেন, ‘কোরআন খতমে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য বিশেষ দোয়া করা হয়। বঙ্গবন্ধুর মতো নেতা হাজার বছরেও আসবে না। কিন্তু আমরা মনে করি, বঙ্গবন্ধুর ভূমিকায় ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছেন শেখ হাসিনা। জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশকে এগিয়ে নিচ্ছেন। আর বঙ্গমাতার মতো তাকে সহায়তা করছেন শেখ রেহানা।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া হয়েছে। এখন মজুদদারি নয়, মানুষের পাশে দাঁড়ানোর সময়। যারা পণ্যের মূল্য বৃদ্ধি করছে, তারাও করোনায় আক্রান্ত হতে পারেন। এ জন্য সবাইকে সাবধান হতে হবে।’
পরে শামীম ওসমান দাদা খান সাহেব ওসমান আলী, মা নাগিনা জোহা, বাবা এ কে এম সামুসজ্জোহা, বড় ভাই নাসিম ওসমানের মসজিদসংলগ্ন কবর জিয়ারত করেন।
