বগুড়ায় পীরের আস্তানায় পুলিশের ওপর হামলা

আপডেট : ২৭ মার্চ ২০২০, ১২:১০ এএম

বগুড়ায় পীরের আস্তানায় পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের এক সাবেক নেতাকে প্রধান আসামি করে দেড় শতাধিক ব্যক্তির নামে মামলা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০টি বাঁশের লাঠি, ৬টি লোহার রড ও ৪টি কাঠের বাটাম উদ্ধার করেছে।

পীরের অনুসারীদের হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দুজনেরই হাত ভেঙে গেছে। ঘটনার পরপরই গ্রেপ্তার ২৪ জনকে গত বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আবদুল গফুর বাদী হয়ে হামলার ঘটনায় একটি মামলা করেছেন। মামলায় বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার শফিকুল ইসলাম নয়নসহ গ্রেপ্তার ২৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত বুধবার রাতে বগুড়া শহরের গোয়ালগাড়িতে শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ছেরাজুল হক চিশতী (র.) মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস মাহফিলের আয়োজন করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে পীরের আস্তানায় এই ওরস মাহফিলের আয়োজন করতে পুলিশ নিষেধ করে। তারপরও বুধবার দুপুরের পর থেকে সেখানে বিভিন্ন এলাকার নারী ও পুরুষ মুরিদরা আসতে শুরু করেন।

ওরস মাহফিল বন্ধ রাখার জন্য পুলিশের পক্ষে ওই দিন সকাল থেকে কয়েক দফা নিষেধ করা হয়। সন্ধ্যার পর পীরের আস্তানায় নারী-পুরুষ সমবেতভাবে জিকির শুরু করেন। এলাকার লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাত ৯টার দিকে উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নান্নু খানসহ তিনজন পুলিশ সদস্য সেখানে গিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা বলে ওরস বন্ধ করতে বলেন। এতে পীরের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ কর্মকর্তা নান্নু খান ও জাহিদুর রহমানের হাত ভেঙে যায়। খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার এবং ২৪ জনকে আটক করেন।

বগুড়া সদর থানার ওসি রেজাউল করিম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার সময় সেখানে শতাধিক লোক ছিল। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আটক ২৪ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত