বিশ্বে এক দিনে আক্রান্ত ৪৮ হাজার যুক্তরাষ্ট্রে লাখ ছাড়িয়েছে

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০২:০৪ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৪৫ হাজারে দাঁড়িয়েছে। শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। গত শুক্রবার একদিনেই দেশটিতে ১৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, চলতি মার্চ মাসে করোনায় আক্রান্ত হয়ে বৈশ্বিকভাবে তিন দশমিক চার শতাংশ মানুষ মারা গেছে। বৈশ্বিকভাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৪১ জনে।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যাও এক হাজার ৯৩৫ পেরিয়ে গেছে। ইতালিও নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে। ইতালিতে ৯২ হাজার ৪৭২ জনের দেহে কভিড-১৯ ধরা পড়েছে। এই রোগে দেশটির ১০ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। এর পরেই আছে স্পেন, সেখানে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৭১২-এ।

চীন ও যুক্তরাষ্ট্রে  নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা যথাক্রমে তিন হাজার ২৯৫ ও ১ হাজার ৯৩৫। ভাইরাসে কেবল গত শুক্রবারেই ইতালিতে ৯৬৯ জনের মৃত্যু হয়েছে।  এটিই দেশটিতে কভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ মৃত্যু। আর শনিবার একদিনে ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের এ দেশটিতে করোনাভাইরাস ১০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।

করোনাভাইরাসের কারণে মুখোমুখি হওয়া ক্ষতির হাত থেকে যুক্তরাষ্ট্রকে অর্থনীতিকে টেনে তুলতে দেশটির কংগ্রেসে পাস হওয়া দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলারের প্রণোদনা বিলে গত শুক্রবারই স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। এই প্রণোদনা করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও দেশটির শ্রমিকদের স্বস্তি দেবে বলে ট্রাম্প মন্তব্য করেছেন। দেশটিতে কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় চিকিৎসা উপকরণের ঘাটতি নিয়ে চিকিৎসকরা হাহাকার করছেন। পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প তার জরুরি ক্ষমতা প্রয়োগ করে জেনারেল মোটরসকে ভেন্টিলেটর উৎপাদনে লাগিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এ অটোমেকার কোম্পানি দরকষাকষির নামে ‘সময় অপচয়’ করছিল বলে প্রেসিডেন্ট অভিযোগও করেছেন।

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে চিকিৎসা উপকরণ বানাতে বাধ্য করতে ট্রাম্পের ওপর কোরীয় যুদ্ধের সময়কার প্রতিরক্ষা উৎপাদন আইন সচল করার চাপ ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার বদলে কোম্পানিগুলোর স্বেচ্ছা সহযোগিতার ওপর জোর দিচ্ছিলেন। নিউ ইয়র্ক সিটি, নিউ অরলিয়ন্স, ডেট্রয়েটসহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলো এখন কভিড-১৯ রোগীদের ওষুধ ও চিকিৎসা উপকরণ সংকটে ভুগছে।

হাসপাতালের পাশাপাশি বেকার ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ অর্থ সহায়তায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্যাকেজ শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হয়। কয়েকদিনের আলোচনা শেষে গত বুধবার দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলারের এ বিলটি সিনেটে অনুমোদিত হয়েছিল। নিম্নকক্ষে পাসের পরপরই এটি ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউজে যায়। ওভাল অফিসে প্রেসিডেন্টের স্বাক্ষরের সময় সেখানে রিপাবলিকান দলের শীর্ষ আইনপ্রণেতারা ছিলেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথিত ‘কর্মবিহীন সপ্তাহ’ শুরু করেছে রাশিয়া। এ সময় দেশটির সরকার লোকজনকে বাড়িতে থাকার আহ্বান করেছে বলে জানিয়েছে বিবিসি। স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করে শনিবার থেকে কার্যকর হওয়া নতুন এই বিধিনিষেধ ৫ এপ্রিলের পরও বাড়ানো হতে পারে বলে দেশটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার পর্যন্ত রাশিয়ায় কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। অধিকাংশ আক্রান্তই রাজধানী মস্কোর বাসিন্দা। এ পর্যন্ত মৃতের সংখ্যা চার জন বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত