করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে বাংলাদেশ ছাড়ছেন মার্কিন কূটনীতিক ও নাগরিকদের একটি অংশ। আজ সোমবার ভাড়া করা একটি বিশেষ বিমানে তারা নিজ দেশের উদ্দেশে রওনা দেবেন বলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে। গতকাল রবিবার দূতাবাসের এক সংক্ষিপ্ত অনলাইন ব্রিফিংয়ে বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন। চার্টার্ড ফ্লাইটটির (অনিয়মিত ফ্লাইট) একটি আসনও খালি নেই। ফুল ফ্লাইট যাবে। তবে ফ্লাইটটিতে কতজন কূটনীতিক ও নাগরিক ফিরছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ব্রিফিংয়ে বলা হয়েছে, নাগরিকরা ফিরে গেলেও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কার্যক্রম সচল রয়েছে। আমেরিকান নাগরিকদের জন্য কনস্যুলার সেবা পুরোপুরি চালু। তবে পরিস্থিতির কারণে সাধারণের ভিসা সার্ভিস বন্ধ রয়েছে।
ব্রিফিংয়ে অংশ নেওয়া মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, সব কিছু খোলাসা করা যাচ্ছে না, তবে এটুকু বলি, যেসব কূটনীতিক যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্তে, পরিবারের স্বার্থে। যুক্তরাষ্ট্র প্রশাসন কাউকেই ফিরতে জোর করছে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকা ফিরবেন।
ব্রিফিংয়ে জানানো হয়, করোনার কারণে আমেরিকানরা কেবল বাংলাদেশ ছাড়ছেন, বিষয়টি এমন নয়, মোট ২৮টি দেশ থেকে ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্রে ফিরেছেন বা ফিরছেন। স্টেট ডিপার্টমেন্ট পুরো বিষয়টি দেখভাল করছে। দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, সব প্রস্তুতি ঠিক থাকলে সাড়ে ৩শ’র বেশি যাত্রী বহনকারী কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে রওনা দেবেন তারা।
