যশোরে গৃহবধূকে শ্লীলতাহানি, আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১২:৪৫ এএম

যশোরের বেনাপোলে মধ্যরাতে মদ্যপ অবস্থায় গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এলাকাবাসীর মারধরের শিকার হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। গত মঙ্গলবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবু সরদারকে (৪০) গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। বাবু সরদার ছোটআঁচড়া গ্রামের প্রয়াত আকবর আলী ওরফে ক্লে আকবরের ছেলে এবং ছোটআঁচড়া ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গ্রামবাসী জানায়, ভুক্তভোগী গৃহবধূ

বাথরুমে যাওয়ার জন্য রাত ১টার দিকে ঘরের বাইরে বের হন। তখন আগে থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগ নেতা বাবু সরদার মদ্যপ অবস্থায় তার কাপড় ধরে টানাটানি করতে থাকেন। এ সময় গৃহবধূর চিৎকারে তার স্বামী ঘর থেকে বের হয়ে স্ত্রীকে বাবু সরদারের হাত থেকে রক্ষা করতে গেলে তাকে টর্চলাইট দিয়ে আঘাত করেন বাবু সরদার। এ সময় ওই গৃহবধূ তার স্বামীকে ঠেকাতে গেলে তার মাথায়ও টর্চলাইট দিয়ে আঘাত করা হয়। পরে গৃহবধূ ও তার স্বামীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে বাবু সরদারকে পিটুনি দেয়।

বেনাপোল পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি শান্তিপদ গাঙ্গুলী দেশ রূপান্তরকে বলেন, ‘গভীর রাতে চিৎকারের শব্দে ঘর থেকে বের হয়ে ঘটনাস্থলে গেলে বাবু সরদার দৌড়ে এসে আমার মাথায়ও লাইট দিয়ে আঘাত করেন। আমি দ্রুত থানায় ফোন করলে থানা থেকে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় শ্লীলতাহানির মামলা করেছেন।’ ভুক্তভোগী গৃহবধূকে স্থানীয় নাভারন বুরুজ বাগান হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান শান্তিপদ গাঙ্গুলী।

গ্রামবাসীর ভাষ্য, বাবু সরদারের বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে। দলীয় প্রভাব দেখিয়ে তিনি সাধারণ মানুষের ওপর অত্যাচার করেন। কিন্তু ক্ষমতাসীন দলের নেতা হওয়ার ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান দেশ রূপান্তরকে বলেন, ‘রাতে ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে বাবু সরদারকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। আজ (বুধবার) সকালে গৃহবধূর স্বামী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছেন। গ্রেপ্তার বাবু সরদারকে শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত