করোনাভাইরাসের প্রভাবে চলতি বছর বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশেরও কম হবে বলে পূর্বাভাস দিয়েছে লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।
ইআইইউ মনে করছে, করোনাভাইরাস মহামারী প্রবৃদ্ধি অনেক কমিয়ে দেবে। ভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার রোধে প্রতিরোধমূলক নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এতে ভোক্তা ব্যয়ে প্রভাব পড়বে। দক্ষিণ এশিয়ার অনেক দেশের প্রবৃদ্ধি ভোক্তা ব্যয়ের ওপর নির্ভরশীল। বাংলাদেশও এর বাইরে নয়। অন্যদিকে কারখানা ও নানা বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় ব্যাহত হবে পণ্য সরবরাহ। সার্বিক পরিস্থিতিতে স্থবির হয়ে পড়ছে অর্থনীতি।
ভোক্তার চাহিদা কমে যাওয়ার সঙ্গে রপ্তানি কমে যাওয়ায় নিয়মিত ব্যবসায়িক আয় কমবে। ফলে কোম্পানিগুলো নিয়মিত ঋণ পরিশোধ করতে পারবে না। বিনিয়োগ পরিকল্পনাগুলোও পিছিয়ে দিতে বাধ্য হবে। কেন্দ্রীয় ব্যাংকগুলো ও সরকারপ্রধানরা মহামারীর অর্থনৈতিক ক্ষতি কাটাতে বিভিন্ন পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করছে। এতে আর্থিক ক্ষতি পুনরুদ্ধার সম্ভব হবে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।
