‘সংক্ষিপ্ত জুমা’য় করোনা থেকে বাঁচতে বিশেষ দোয়া

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১২:৪৯ এএম

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নির্দেশনা মেনে রাজধানীর মসজিদগুলোতে গতকাল শুক্রবার সংক্ষিপ্ত পরিসরে জুমার নামাজ আদায় করা হয়েছে। এসব জামাতে খুবই কমসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশেষ মোনাজাতে ইমামরা করোনা মহামারী থেকে নিজ মহল্লা, দেশ ও বিশ^বাসীকে রক্ষার জন্য আল্লাহর কাছে বিশেষ ফরিয়াদ জানান।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গতকাল দুপুর ১টায় আজান হয়। সোয়া ১টায় খুৎবা শুরু করে মাত্র ১০ মিনিটের মধ্যে জামাত শেষ করা হয়। নামাজ পড়ান পেশ ইমাম মাওলানা মহীউদ্দিন কাসেম। পরে তিনি বলেন, ‘মসজিদে মুসল্লির উপস্থিতি কমে গেছে। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে আমরা খুৎবা সংক্ষিপ্ত করে নামাজ আদায় করেছি। সুন্নত ও নফল নামাজ বাসায় গিয়ে পড়তে পরামর্শ দিয়েছি।’

গত ২৯ মার্চ আলেমদের সঙ্গে বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির মধ্যে মসজিদে আজান, ইকামত ও জামাতের মতো জুমার নামাজ অব্যাহত রাখার কথা জানায়। জামাতে আট ধরনের ব্যক্তিকে অংশ নিতে নিষেধ করা হয়। একই সঙ্গে জুমার ফরজ নামাজ জামাতে আদায় শেষে মুসল্লিদের সুন্নত ও নফল বাসায় গিয়ে আদায় করার পরামর্শ দেওয়া হয়।

এসব নির্দেশনা মেনে গতকাল রাজধানীর বেশির ভাগ মসজিদে জামাতের সময় কমিয়ে আনা হয়। খুৎবা পূর্ববর্তী বাংলা বয়ান অনেক মসজিদে হয়নি। বেশির ভাগ মসজিদে খুৎবার সঙ্গে কেরাত সংক্ষিপ্ত করে নামাজ আদায় করা হয়। নামাজে আসা বেশির ভাগ মুসল্লির হাতে জায়নামাজ দেখা যায়। অনেকেই মাস্ক ও গ্লাভস পরে আসেন।

আগের জুমার মতো গতকালও রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে মুসল্লিদের উপস্থিতি কম দেখা গেছে। সড়কে নামাজের জন্য কোনো মুসল্লিকে দাঁড়াতে দেখা যায়নি। এই মসজিদের মাইক থেকে সকাল সাড়ে ১০টার দিকেই আজান ও জামাতের তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত