রাজশাহীতে বেসরকারি ক্লিনিকের এক নার্সকে স্থানীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। গত শুক্রবার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থা অপরিবর্তিত থাকায় গতকাল শনিবার সকালে তাকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ওই নার্স করোনাভাইরাসে সংক্রমিত কি না তা শনাক্তে পরীক্ষা করা হবে।’ এই চিকিৎসক আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জন ভর্তি হয়েছিল। পর্যবেক্ষণ শেষে তাদের আটজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন চারজন পর্যবেক্ষণে রয়েছেন।
রামেক ল্যাবে আরও ২২ নমুনা : রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থাপিত করোনাভাইরাস শনাক্ত ল্যাবে আরও ২২ জনের নমুনা এসেছে। এর মধ্যে পাবনা থেকে এসেছে ১৯ জনের। অন্য তিনটি রাজশাহীর বলে জানিয়েছেন রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও করোনা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার। গতকাল বিকেল ৫টায় তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এ পর্যন্ত আমরা ২২ জনের নমুনা পেয়েছি। এগুলো নিয়ে আমরা কাজ করছি।’
গুলনাহার আরও বলেন, ‘আমরা এ পর্যন্ত সাতজনের নমুনা পরীক্ষা করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করা হচ্ছে।’
গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজে নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
